সাংহাই, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে শুক্রবার পরপর দু’টি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্প কবলিত প্রত্যন্ত ওই পাহাড়ি এলাকার হাজার হাজার বিধ্বস্ত ঘরবাড়ির বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।
শনিবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকাল ১১ টা ১৯ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি হওয়ার ৪৫ মিনিট পর একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ইউনান ও গুইঝোউ প্রদেশের সীমান্তের কাছে মাটির ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি।
ইউনান প্রদেশের ইলিয়াং কাউন্টির লোকজনই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং বেশির ভাগ নিহতের ঘটনাও এখানেই ঘটেছে ।
গুইঝোউ প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনান সীমান্তের ওয়েইনিঙ জেলায় দুজন আহত হয়েছে এবং ২৮ হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাস্তায় বড় বড় পাথর পড়ে আছে, পরিত্যক্ত গাড়ি এলোমেলো হয়ে আছে আর ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
রাশিয়ার ভাদিভস্ককে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক শীর্ষ বৈঠকে যোগ দেওয়া চীনা প্রেসিডেন্ট হু জিনতাও দুর্গতদের সাহায্য করার জন্য সব ধরনের ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শনে গেছেন, জানিয়েছে সিনহুয়া।
শুক্রবার রাতে ইউনান প্রদেশের উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা ভূমিকম্প কবলিত ছয়টি জেলার ৯০ শতাংশ এলাকায় পৌঁছে গেছেন। এই ছয়টি জেলার ৭ লাখ ৪০ হাজার মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে বলে জানিয়েছেন তারা।
ইউনানের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ভূমিকম্পে তাৎক্ষণিক অর্থনৈতিক ক্ষতি ৫৫ কোটি ২০ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৭ ঘ.
bdnews24