আহমেতবেইলি, (তুরস্ক), সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার সকালে শরণার্থীবাহী একটি নৌযানডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।
তুরস্কের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ইজমির প্রদেশের উপকূলীয় জেলা মেন্দারেস এর গভর্নর তাসিন কার্তবেওগলু রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি ছোট নৌযান ধারণ ক্ষমতার অতিরিক্ত আরোহী বহন করায় ডুবে গেছে।
নৌযানটির গন্তব্য কোথায় ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও তুরস্কের ছোট্ট শহর আহমেতবেইলি থেকে গ্রিসের দ্বীপ সামোস মাত্র কয়েক কিলোমিটার দূরে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য গ্রিস শরণার্থীদের কাছে সাধারণ ও জনপ্রিয় পথ।
এক বিবৃতিতে ইজমিরের গভর্নর কার্যালয় থেকে জানানো হয়, “মৃতের সংখ্যা ৬১। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১৮ জন নারী ও ২৮ জন শিশু এবং ৩টি ছোট বাচ্চা রয়েছে।”
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, মৃতের সংখ্যা এতো বাড়ার কারণ হচ্ছে, নারী ও শিশুদের ওই নৌযানের নিচের একটি কক্ষে আটকা অবস্থায় রাখা হয়েছিল। তবে এ ব্যাপারে অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গভর্নর কার্তবেওগলু জানিয়েছেন, ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নৌযানের তুর্কি ক্যাপ্টেন ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, আর মৃতের সংখ্যা আর বাড়বে না বলেই তিনি ধারণা করছেন।
এরআগে রাষ্ট্রীয় টিআরটি টেলিভিশনের এক খবরে বলা হয়, তুরস্কের সমুদ্র উপকূল থেকে মাত্র ৫০ মিটার দূরে ভোরের দিকে ডুবে যায় অবৈধ অভিবাসীবাহী ওই নৌযানটি।
ওই নৌযানের বেশির ভাগ আরোহীই ফিলিস্তিনি নাগরিক ছিলেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৮ ঘ.
bdnews24