ওয়াশিংটন, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে সক্রিয় ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার গাদ্দাফিবিরোধীদের আটক এবং নির্যাতনের নতুন তথ্য বেরিয়ে এসেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে প্রকাশ পায়নি এমন দুটি ঘটনার প্রমাণ পেয়েছে তারা। আর তাতেই দেখা গেছে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর হাতে আটক বেশ কয়েকজন গাদ্দাফিবিরোধীকে ‘ওয়াটারবোর্ডিং’ কৌশল প্রয়োগ করে নির্যাতন করা হয়েছে।
এ কৌশলে বন্দির মাথা ও মুখ কাপড়ে ঢেকে পানি ঢেলে স্বাশরোধ করে তার কাছে তথ্য আদায়ের চেষ্টা করা হয়।
যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনসহ এর পশ্চিমা মিত্রদেশগুলো অবৈধভাবে নির্বাসিত গাদ্দাফিবিরোধীদের আটক করেছে এবং জোর করে লিবিয়ায় ফেরত পাঠিয়ে প্রয়াত ওই স্বৈরশাসককে সহযোগিতাও করেছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ।
তারা কতটা বেপরোয়াভাবে এ কাজ করেছে সে সম্পর্কে নতুন আরো তথ্যপ্রমাণ প্রয়োজন বলে প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।
বিভিন্ন আর্কাইভ থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি ভূক্তভোগীরাসহ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরডব্লিউ।
গাদ্দাফির পতনের পর প্রকাশ হয়ে পড়া বিভিন্ন গোপন দলিলে লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ, এমআইসিক্স এর কর্মকর্তাদের গোপন চিঠিচালাচালি দেখা গেছে।
এতে দেখা যায়, ২০০৩ সালের শেষ দিকে গাদ্দাফি গণবিধ্বসংসী অস্ত্র পরিহারের পর ২০১১ সালে লিবিয়ায় গণবিপ্লবের সময় গাদ্দাফি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহায়তা করেছে।
আর এই সহযোগিতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কেবল গাদ্দাফির শত্র“দেরকে তার কাছে পাঠিয়েই ক্ষান্ত হয়নি বরং তার আগে তাদের অনেকেই সিআইএ’র হাতে নির্যাতিত হয়েছে বলেই আলামত পাওয়া গেছে।
লিখিত এক বিবৃতিতে একথাই বলেছেন, এইচআরডব্লিউ’র সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ এবং প্রতিবেদনের লেখক লরা পিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২০৪০ঘ.
bdnews24