২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভব হলে ‘ওসামাকে জীবিত ধরার নির্দেশ ছিল’

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ ছিল বলে দাবি করেছেন তার আস্তানায় অভিযান চালানো যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ‘নেভি সিলে’র সাবেক কমান্ডো ম্যাট বিসোনেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ ছিল বলে দাবি করেছেন তার আস্তানায় অভিযান চালানো যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ‘নেভি সিলে’র সাবেক কমান্ডো ম্যাট বিসোনেট। পাকিস্তানে লাদেনের আস্তানায় চালানো অভিযানটি ‘শুধু হত্যা অভিযান ছিলনা’ বলে জানিয়েছেন তিনি। বিসোনেট যুক্তরাষ্ট্রের ‘সিবিএস নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। লাদেন হত্যা কাহিনী নিয়ে ‘মার্ক ওয়েন’ ছদ্মনামে ‘নো ইজি ডে: দ্য ফার্স্টহ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিলড ওসামা বিন লাদেন’ নামে একটি বই লিখেছেন তিনি। বিসোনেট জানান, এ অভিযানের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় আমাদের বলা হয়েছিল, “সুযোগ বুঝে কাজ করবে, এটা হত্যাকান্ড নয়। তাকে তোমরা জীবিত ধরবে.... পরিস্থিতি অনুকূলে থাকলে।” সাক্ষাৎকারটি নেওয়ার সময় মেকআপ ম্যানের সাহায্যে তার প্রকৃত চেহারা পাল্টে দেওয়া হয় এবং প্রযুক্তি ব্যবহার করে তার প্রকৃত কন্ঠস্বরও গোপন রাখা হয়। ‘নো ইজি ডে’ প্রকাশের পর গোপন তথ্য ফাঁসের অভিযোগে সাবেক এই নেভি সিল কমান্ডোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওই অভিযান নিয়ে লেখা বিসোনেটের বইটি বাজারে এসেছে। বিন লাদেনকে পাকড়াও করাটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “হ্যাঁ, হ্যাঁ। আমরা সেখানে কাউকে হত্যা করতে যাইনি। তাকে মারতে আমাদেরকে পাঠানো হয়নি। এটা ছিল তাকে ধরা অথবা মারার অভিযান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৪ঘ.