২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তনের জন্য সময় চাই: মিশেল ওবামা

যেকোনো পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজনীয়তাকে স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে আরেকবার যুক্তরাষ্ট্রের অর্থনীতির হাল ধরার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন স্ত্রী মিশেল ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

শারলোট, নর্থ ক্যারোলাইনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যেকোনো পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজনীয়তাকে স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে আরেকবার যুক্তরাষ্ট্রের অর্থনীতির হাল ধরার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন স্ত্রী মিশেল ওবামা। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার শারলোট শহরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে ভোটারদের এ আহ্বান জানিয়ে মিশেল বলেন, পরিবর্তন কঠিন ও ধীর; তা কখনোই একসঙ্গে ঘটে না। তবে শেষ পর্যন্ত আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাই। চার বছর আগে নির্বাচনের সময় ওবামার দেয়া পরিবর্তনের অঙ্গীকারগুলো কঠিন ছিল স্বীকার করে যুক্তরাষ্ট্রের ধুঁকতে থাকা অর্থনীতির চাকা সচল করার সুযোগ দিতে ওবামাকে আরেকবার নির্বাচিত করার আহ্বান জানান মিশেল। তিনদিনের এ সম্মেলন শেষ হবে ৬ নভেম্বর বারাক ওবামার ভাষণ ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে। নির্বাচনের বাকি রয়েছে মাত্র নয় সপ্তাহ। যুক্তরাষ্ট্রের বর্তমান দুর্বল অর্থনৈতিক অবস্থা ও ৮ দশমিক ৩ শতাংশ বেকারত্বের হারের কারণে এ মুহূর্তে ওবামার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মিট রমনি। তবে সাম্প্রতিক এক জরিপের ফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্প গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সংকোচনের মুখে পড়েছে গত মাসে। এ খাতের রপ্তানি ও নিয়োগের পরিমাণও কমে এসেছে। ফলে দেশের অর্থনীতি পরিচালনায় ওবামার ভূমিকা নিয়ে সংশয় কাটেনি। কিন্তু তারপরও প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে ওবামার জনসমর্থন বেশি থাকারই আভাস পাওয়া যাচ্ছে। ডেমোক্রেটিক পার্টির এ সম্মেলন থেকে ওবামা তার প্রথম মেয়াদের বিজয়ের আগে জাদুকরী নির্বাচনী প্রচারণার পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছেন। তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রথম মেয়াদের কাজ ‘অসম্পূর্ণ’ বলে মন্তব্য করেছেন ওবামা। সম্মেলনের প্রথম দিন ওবামার সমর্থক বহু নারী, হিস্পানিক ও আফ্রিকান-আমেরিকানকে দেখা যায়। সম্মেলনে স্বামীর পক্ষ নিয়ে মিট রমনি ও রিপাবলিকানদের বিরুদ্ধে বলেন মিশেল। এক সপ্তাহ আগে টাম্পায় রিপাবলিকানদের সম্মেলনের আগে মিট রমনির স্ত্রী অ্যান ওবামার বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন। মিশেল বলেন, বারাকের জন্য টাকা উপার্জনই সফলতা নয়, বরং মানুষের জীবনে কিছু ভালো পরিবর্তন আনতে পারাটাই তার জন্য বড়। মধ্যবিত্ত আমেরিকানদের কল্যাণের জন্য বারাক ওবামার পরিকল্পনা মিশেল সুস্পষ্টভাবে তুলে ধরেছেন বলে মনে করেন সমর্থকরা। এছাড়া, ফার্স্ট লেডি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারায় সম্মানিত বোধ করছেন বলেও বক্তব্যে জানান মিশেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৬ঘ.