লন্ডন, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের গবেষণাগুলোতে যে আভাস দেওয়া হয়েছিল জলবায়ু পরিবর্তন দরিদ্রদের জন্য তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
চরম আবহাওয়া ও খাদ্যদ্রব্যের উচ্চমূল্য দরিদ্রদের হুমকির মধ্যে ঠেলে দেবে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম।
ঘন ঘন খারাপ আবহাওয়ার কারণে খাদ্যপণ্যের উৎপাদন ব্যাহত হয়। আর এতে করে বাজারমূল্যে অস্থিরতা তৈরি হতে পারে। এতে বিশ্বের প্রধান খাদ্যশস্যগুলোর দাম আগামী ২০ বছরে একশ’গুণ বৃদ্ধি পেতে পারে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ও রাশিয়ায় খরার কারণে ভুট্টা ও সয়াবিনের দাম নতুন উচ্চতা স্পর্শ করেছে। খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে বিশ্বের লাখ লাখ মানুষ বিপর্যয়ের শিকার হওয়ার আগেই বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোকে এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এক হিসাবে জানানো হয়েছে, ২০০৭-২০০৮ এর খাদ্যমূল্য বৃদ্ধির কারণে আফ্রিকায় অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
“খাদ্যপণ্যের আকস্মিক উচ্চমূল্যের কারণে অরক্ষিত মানুষজন আরো অরক্ষিত হয়ে পড়ে। ধীরে ধীরে মূল্যবৃদ্ধির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পায় তারা, কিন্তু হঠাৎ বৃদ্ধির সঙ্গে তাল মেলানোর কোনো সুযোগ নেই,” অক্সফামের প্রতিবেদনে বলা হয়।
“খাদ্যপণ্যের উচ্চমূল্যের ফলাফল সামাল দেওয়ার কৌশলগুলো স্বল্প মেয়াদী হওয়ায় এর জের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে। এরফলে অল্প বয়সীদের যথাযথ বিকাশ হয় না ও বিকাশ ক্ষমতা হ্রাস পায়।”
অক্সফাম আরো জানায়, এ পর্যন্ত করা গবেষণাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমান্বয়ে সব পরিবর্তন হচ্ছে শুধু সেগুলোই বিবেচনা করা হয়েছে, কিন্তু চরম আবহাওয়া প্রভাব নিয়ে কোনো পর্যালোচনা করা হয়নি।
এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে জরুরি ভিত্তিতে আমাদের ভঙ্গুর ও অকেজো খাদ্য ব্যবস্থা পর্যালোচনা করার তাগিদ দিয়েছে সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২১ ঘ.
bdnews24