২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত দ্বীপ কিনতে যাচ্ছে জাপান

পূর্ব চীন সাগরে চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিতর্ক থাকা কিছু ছোট দ্বীপ কিনে নিতে যাচ্ছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 08:09 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

টোকিও, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব চীন সাগরে চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিতর্ক থাকা কিছু ছোট দ্বীপ কিনে নিতে যাচ্ছে জাপান। বর্তমানে দ্বীপগুলো কিছু জাপানি নাগরিকদের মালিকানায় রয়েছে। দ্বীপগুলোর জন্য জাপান সরকার ২০ হাজার ৫০০ কোটি ইয়েন দেবে এবং শিগগিরই এ বিষয়ে দ্বীপের মালিকদের সঙ্গে চুক্তি সই হবে। বুধবার জাপানের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ক্রয়ের বিষয়ে সিদ্ধান্তটি জাপানের মন্ত্রিসভায় অনুমোদিত হবে। তবে জাপানের এ সিদ্ধান্তে এশিয়ার বৃহত্তম অর্থনীতিসমৃদ্ধ প্রতিবেশী দেশ দু’টির মধ্যে টানাপড়েন বাড়বে বলে মনে করা হচ্ছে। জাপানে ‘সেনকাকু’ ও চীনে ‘দাইওয়ু’ নামে পরিচিত বসতিবিহীন এসব দ্বীপ ও এগুলোর আশেপাশের মৎস্যক্ষেত্র নিয়ে দেশ দু’টির মধ্যে অনেকদিন ধরেই প্রতিযোগিতা চলে আসছে। এ অঞ্চলে সম্ভাব্য প্রাকৃতিক গ্যাসের মজুদ এর কারণ। দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরে সীমানা নিয়ে বিতর্কে জাপান ও ফিলিপাইনের মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জড়িয়ে পড়ার ব্যাপারে মঙ্গলবার সতর্ক করে দিয়েছে চীন। সম্প্রতি বেইজিং সফরে গিয়ে এ অঞ্চলের দেশগুলোর মধ্যকার বিভিন্ন বিতর্ক নিষ্পত্তি করার ব্যাপারে অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রতি হংকং থেকে সমুদ্রপথে এসে পূর্ব চীন সাগরের দ্বীপে অবতরণ করা একজন চীনা মানবাধিকার কর্মীকে আটক করে জাপানি কোস্টগার্ড। এতে চীনে জাপানবিরোধী আন্দোলন ফুঁসে ওঠে। এরপর বেইজিংয়ে জাপানের রাষ্ট্রদূতকে বহন করা একটি গাড়ি থেকে জাপানের পতাকা ছিঁড়ে নেওয়ার ঘটনা সমুদ্র সীমানা নিয়ে এ বিতর্ক আরো উস্কে দেয়। চলতি বছরের শুরুতে ন্যাশনালিস্ট পার্টি সমর্থিত টোকিও’র গভর্নর শিনতারো ইশহারা দ্বীপগুলো কিনে নেওয়া বিষয়ে একটি প্রস্তাব উত্থাপনের পর ওই অঞ্চলে জরিপ চালানোর উদ্যোগ নেয় টোকিও’র মেট্রোপলিটন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০৭ ঘ.