ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা শুরু করতে মঙ্গলবার রাতে দুইদিনের এক সফরে বেইজিং গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বুধবার বিষয়টি নিয়ে দিনব্যাপী এক বৈঠকে যোগ দিবেন তিনি।
মঙ্গলবার রাতে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের এক বৈঠকে মিলিত হন হিলারি। চীনের দ্য গ্রেট হল অব পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বৈঠকে হিলারি চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘দৃঢ়’ বলে উল্লে¬খ করেন।
তিনি বলেন, “যেসব বিষয়ে আমাদের মধ্যে মতৈক্য ও মতপার্থক্য আছে তা নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি। আমি মনে করি এতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা প্রকাশ পাবে ও তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
হিলারি ইন্দোনেশিয়া থেকে বেইজিং যান। ইন্দোনেশিয়ায় তিনি দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীনের সঙ্গে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সৃষ্ট বিরোধ নিয়ে আলোচনা করেন। এই বিতর্ক নিরসনে আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আশিয়ানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
দক্ষিণ চীন সাগর বিতর্কে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানান হিলারি। তবে ভয়ভীতি, সহিংসতা ও বলপ্রয়োগ ছাড়াই সমস্যা সমাধানে আশিয়ানভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দক্ষিণ চীন সাগরের সীমানা বিরোধ নিয়ে আশিয়ান জোট বিভক্ত হয়ে পড়েছে। জোটের সর্বশেষ সম্মেলনে বিষয়টি নিয়ে একটি যৌথ বিবৃতির বিষয়ে একমত হতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো।
হিলারি বেইজিং পৌঁছানোর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিরোধে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করছেন।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের এক মন্তব্য প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলা হয়, “যুক্তরাষ্ট্র ঘোলা জলে মাছ শিকারের চেষ্টায় আছে।”
হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক হলেও চীনের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে হিলারির পূর্ব ঘোষিত বৈঠকটি অজ্ঞাত কারণে বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের ¯প্রাটলি দ্বীপপুঞ্জে প্রচুর তেল ও গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। এই দ্বীপগুলোর মালিকানা একইসঙ্গে দাবি করে আসছে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান ও মালয়েশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫১ ঘ.
bdnews24