জাতিসংঘ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়োয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার ও বিদ্রোহী দু’পক্ষকেই অন্যান্য দেশের সরবরাহ করা অস্ত্রের কারণে দেশটির গৃহযুদ্ধ বিস্তৃত ও ভয়াবহ হয়ে উঠেছে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এ অভিযোগ করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
সিরিয়ার সরকার সমর্থিত বিভিন্ন বাহিনীকে অস্ত্র সরবরাহ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা, অপরদিকে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার জন্য কাতার ও সৌদি আরবকে দায়ী করেছে দামেস্ক।
“এই সংঘাত এখন লক্ষণীয়ভাবে নৃশংসতার দিকে মোড় নিয়েছে। দু’পক্ষের অব্যাহত সামরিক প্রস্তুতি সংঘাতকে ভয়াবহ ও শোচনীয় করে তুলছে,” বলেন বান।
“বিবদমান পক্ষগুলোকে অস্ত্র যোগান দিয়ে সরবরাহকারীরা বিপর্যয় আরো বাড়িয়ে তুলছে, ছড়িয়ে পড়া তীব্র যুদ্ধ অচিন্তনীয় ফলাফলের শঙ্কা তৈরি করেছে,” বলেন তিনি।
“সংঘাত তীব্রতর হয়ে উঠছে। যত বেশিদিন এ অবস্থা চলবে এটি নিয়ন্ত্রণ করা ততই কঠিন হয়ে উঠবে। সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করা আরো জটিল হয়ে পড়বে। এসবের পর দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করা প্রায় অসম্ভব হয়ে যাবে।”
গত মাসে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক নয় এমন একটি সিদ্ধান্তে সিরিয়ার সংঘাত বৃদ্ধি পাওয়ায় “গভীর উদ্বেগ” প্রকাশ করে ও এ বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে না পারায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মতবিরোধের কারণে সিরিয়া বিষয়ে দৃঢ় সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স চায় সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের কঠোর সমালোচনা করে দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করতে। অপরদিকে রাশিয়া ও চীন মনে করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তে সমস্যার সমাধান হবে না, সমাধানের প্রস্তাব আসতে হবে সিরিয়ার সরকার ও বিদ্রোহী উভয়পক্ষ থেকে।
অস্ত্র ছাড়া অন্যান্য প্রয়োজনীয় রসদ বিদ্রোহীদের সরবরাহের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গত ১৭ মাস ধরে চলা সিরিয়ার বিদ্রোহ-সহিংসতায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১২ ঘ.
bdnews24