২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কয়লা কোম্পানিগুলোতে পুলিশি অভিযান

ভারতে খনি কেলেঙ্কারির ঘটনা তদন্তের আওতায় দেশজুড়ে ১০ টি নগরীর কয়লা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ঝটিকা অভিযান চালাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে খনি কেলেঙ্কারির ঘটনা তদন্তের আওতায় দেশজুড়ে ১০ টি নগরীর কয়লা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ঝটিকা অভিযান চালাচ্ছে পুলিশ। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর কাছে কয়লা খনি বন্টন নিয়ে সরকারের দুর্নীতির অভিযোগ তদন্তে ভারতের ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (সিবিআই) মঙ্গলবার সংশ্লিষ্ট ৫ টি কোম্পানিতে তল্লাশি চালিয়েছে। মূল্যছাড়ে কয়লাখনি বরাদ্দ পাওয়ার জন্য প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ওই পাঁচ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তাও। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও নথিপত্র আটক করেছে পুলিশ। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন সরকাাির কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, সুষ্ঠুভাবে কয়লা খনি বিক্রি না হওয়ায় ভারতের ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এতে বলা হয়, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে নিলামে তোলা ছাড়াই কয়লা খনি বরাদ্দ দেওয়া হয়েছে। দর আহ্বান না করে বিভিন্ন কোম্পানির কাছে কয়লাখনি কমিশনে বিক্রি করার সরকারি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয় ১৭ অগাস্টে প্রকাশিত সরকারি নিরীক্ষকদের প্রতিবেদনে। সরকার বিরোধীদলের দাবি মেনে কয়লা খনি বিক্রি বাতিল না করায় কোম্পানিগুলোতে এ পুলিশী অভিযান চলছে। মামলা জর্জরিত ৫ টি প্রতিষ্ঠানের মধ্যে আছে ভিন্নি রন এন্ড স্টিল, জেএলডি ইয়াভামাল এনার্জি, জাস ইনফ্রাস্ট্রাকচার এবং এমমআর আয়রন এন্ড স্টিল কোম্পানি। দিল্লি, মুম্বাই, পাটনা, হায়দারাবাদসহ অন্যান্য শহরে প্রতিষ্ঠানগুলোর ৩০টি অবস্থানে মঙ্গলবার হানা দেয় পুলিশ। সরকারী প্রতিবেদন প্রকাশের আগেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিবিআই’র অনুসন্ধান শুরু হয় বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, খননকাজের সক্ষমতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে কয়লাখনি বরাদ্দ নিয়েছে এ পাঁচ প্রতিষ্ঠান। কম মূল্যে কয়লাখনি বরাদ্দ নিয়ে বেশি মূল্যে বিক্রি করে দেওয়াই এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলে এসব প্রতিবেদনে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই চলছে অনুসন্ধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬১৭ঘ.