দক্ষিণ আফ্রিকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্লাটিনাম খনি শ্রমিকদের ওপর গুলির ঘটনার পর এবার ধর্মঘটে নামা আরেক খনি শ্রমিকদের ওপর গুলি চলেছে দক্ষিণ আফ্রিকায়।
জোহানেসবার্গের কাছে সোমবার নিরাপত্তারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ৪ স্বর্ণখনি শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দু’সপ্তাহ আগে এই জোহানেসবার্গের কাছেই প্লাটিনাম খনিতে শ্রমিক ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় ৩৪ শ্রমিক। ওই ঘটনার পর নতুন করে এ ঘটনা ঘটল।
খনি কোম্পানিটির সঙ্গে মজুরি নিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
পুলিশের মুখপাত্র জোহানেস রামফোরা জানান, সোমবারের ঘটনায় ‘গোল্ড ওয়ান’ খনির নিরাপত্তারক্ষীরা ধর্মঘটের পক্ষের ও বিপক্ষের দুই দল শ্রমিকের মধ্যে ধস্তাধস্তি ঠেকাতে রাবার বুলেট ছোড়ে।
শ্রমিকদের যুবনেতা গত সপ্তাহে মজুরি বাড়ানোর দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
ন্যায্য মুজুরি বৃদ্ধি ও নতুন শ্রমিক ইউনিয়নের স্বীকৃতির দাবিতে আন্দোলনে দক্ষিণ আফ্রিকায় প্রায় তিন সপ্তাহ ধরে খনিগুলো বন্ধ রয়েছে।
গত ১৬ অগাস্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনকালে পুলিশের সঙ্গে সহিংসতায় দেশটির মারিকানা প¬াটিনাম খনির ৩৪ খনি শ্রমিক নিহত হয়। এ সময় শত শত শ্রমিককে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যারও অভিযোগ আনা হয়।
শ্রমিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের বিষয়টি রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, অধিকারকর্মী ও আইনি বিশেষজ্ঞদের তুমুল সমালোচনার মুখে পড়ার পর দক্ষিণ আফ্রিকার আদালত ২৭০ খনি শ্রমিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির বিভিন্ন খনিতে ধর্মঘট চলায় বিষয়টি নিষ্পত্তিতে সোমবার আলোচনা শুরুরও উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার দেশটির জাতীয় আইন পরিচালক নমাগকোবো জিবা এক সংবাদ সম্মেলনে বলেন, আপাতত শ্রমিকদের ওপর থেকে এই অভিযোগ তুলে নেওয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ খারিজ করা হবে না।
আটক শ্রমিকদের যাদের ঠিকানা পুলিশ যাচাই করেছে তাদের সোমবার ছেড়ে দেওয়া হতে পারে। আগামী বৃহস্পতিবার বাকি শ্রমিকদের আদালতে হাজির করার পর মুক্তি দেওয়া হবে বলে জিবা জানান।
শ্রমিকদের মৃত্যুর ঘটনায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি, কেননা আইনি তদন্ত এবং পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। এসব শেষ হতে প্রায় কয়েকমাস লেগে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২০১৩ ঘ.
bdnews24