ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় কূটনৈতিক পন্থায় শান্তি ফেরানো ‘প্রায় অসম্ভব’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ-আরব লিগের নতুন দূত লাখদার ব্রাহিমি।
সিরিয়ায় জাতিসংঘ-আরব লিগের দূত হিসাবে কফি আনানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রাহিমি। দায়িত্ব বুঝে নেওয়ার আসন্ন মুহূর্তে তিনি সিরিয়া পরিস্থিতি নিয়ে এ হতাশাজনক মন্তব্য করলেন।
বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলজেরিয়ার সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি জানি এটি কত কঠিন... আর কিরকম দুরূহ কাজ। কাজটি হয়তো অসম্ভব নয়, কিন্তু প্রায় অসম্ভব।”
ব্রাহিমি আরো বলেন, দায়িত্ববোধ থেকেই তিনি সিরিয়ায় শান্তিদূতের কাজ হাতে নিয়েছেন। কিন্তু আনান যা অর্জন করতে পারেন নি সে কাজে তারও সফল হওয়ার আশা খুব কমই।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আনান সিরিয়া শান্তি দূতের পদে ইস্তফা দিয়েছিলেন উল্লেখ করে ব্রাহিমি বলেন, “আমিও সেই একই দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি।”
কফি আনানের মধ্যস্থতায় একটি ছয় দফা শান্তি চুক্তির পরও সিরিয়ায় সহিংসতা বেড়েই চলেছে। এ অবস্থায় ‘আর কোনো পথ পাচ্ছেন না’ জানিয়ে পদত্যাগ করেছেন কফি আনান।
গত বছরের মার্চ মাসে সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
রোববার ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, শুধু অগাস্টেই অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে দেশটিতে। গৃহযুদ্ধে রূপ নেওয়া এ সহিংসতায় দেশটির অন্তত ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
ব্রাহিমি এর আগে ১৯৮৯ সালে লেবাননে ১৫ বছর ধরে চলতে থাকা গৃহযুদ্ধে মধ্যস্থতা করেছিলেন।
তবে সিরিয়ার বিদ্রোহীদের উদ্দেশ্যে স্বাক্ষাৎকারে ব্রাহিমি বলেন, “আমি কারো আন্দোলনে অংশ নিচ্ছি না। বরং দুটি আন্তর্জাতিক সংস্থার হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে এসেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24