২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৯ তুর্কি সেনা নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী সিরনাক প্রদেশে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ তুর্কি সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী সিরনাক প্রদেশে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ তুর্কি সেনা নিহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। রোববার রাতে শুরু হওয়া এ সংঘর্ষে সিরিয়া ও ইরাক সংলগ্ন সীমান্ত এলাকায় অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন সিরনাকের গভর্নর ভাদেতিন ওজকান। বিবিসি জানায়, রোববার রাতে বন্দুক ও রকেট লঞ্চার নিয়ে সিরনাকের বেতুসসেবাপ শহরে পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ভবনে পিকেকে দলের কুর্দি বিদ্রোহীরা হামলা চালায়। ১৯৮৪ সাল থেকে তুরস্কে কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে গেরিলা আন্দোলন চালিয়ে আসছে পিকেকে। বরাবরই পিকেকে কে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে দেখে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। গত বছর থেকে এ আন্দোলন আরো জোরদার হয়েছে। সিরিয়ার মাটিতে পিকেকে’র কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে তুরস্ক সরকারের। প্রতিবেশী দেশ সিরিয়ায় অস্থিরতা শুরু হাওয়ায় গত মাস থেকে সংঘর্ষ বেড়েছে। প্রায় এক মাস আগে তুরস্কের সীমান্তে হাক্কারি প্রদেশে টহল পোস্টে রকেট লঞ্চারের হামলা চালানো হয়। সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে বোমা হামলার ঘটনায় চার শিশুসহ নয়জন নিহতের ঘটনায় দায়ী করা হয় সংগঠনটিকে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে পিকেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ ঘ.