ওয়াশিংটন, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই-তৈয়বার দাগী সদস্যদের ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এই দলটি ২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত ছিল বলে অভিযোগ আছে। ওই হামলায় ৬ মার্কিনীসহ ১৬৬ জন নিহত হয়।
মুম্বাই হামলার পরিকল্পনা করা এবং হামলা পরিচালনায় অভিযুক্ত সাজ্জিদ মীরসহ লস্কর-ই-তৈয়বার আরো ৭ জন দাগী সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সম্পদ জব্দের তালিকাভুক্ত করা হয়েছে।
মুম্বাই হামলার চক্রান্তে মার্কিনী ডেভিড হেডলির সহযোগী ছিলেন মীর। হেডলি লস্কর-ই-তৈয়বার হয়ে মুম্বাইয়ে যাওয়া এবং হামলা চালানোর পরিকল্পনা করতে সহায়তা করার কথা স্বীকার করেছেন।
ভারত-বিরোধী জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকে ২০০১ সালে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। দলটির সঙ্গে তালেবান, হক্কানি তালেবান নেটওয়ার্ক এবং আল কায়েদার যোগসাজশ আছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ঘ.
bdnews24