ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সুন্নি জঙ্গি সংগঠন লস্কর-ই-জাঙ্গভির (এলইজে) প্রধান মালিক ইসহাককে গ্রেপ্তার করেছে।
২০০৯ সালে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের ওপর এই গোষ্ঠীটি হামলা চালায় বলে ধারণা করা হয়।
পুলিশের বরাত দিয়ে দ্য ডন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
লস্কর-ই-জাঙ্গভির প্রধান মালিক ইসহাকের সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়।
সৌদি আরব থেকে ফেরার পর বৃহস্পতিবার লাহোরে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার স্থানীয় আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
পুলিশের মুখপাত্র নাবিলা ঘাজানফার বলেন, “তার (মালিক ইসহাক) গ্রেপ্তারের বিষয়টি আমি নিশ্চিত করছি।”
চলতি মাসের শুরুর দিকে লাহোরে ধর্মীয় সা¤প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখায় তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে বলে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলি জানান।
প্রায় একদশক আগে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকাকালীন লস্কর-ই-জাঙ্গভি সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।
সংগঠনটির বিরুদ্ধে ১৯৯০ এর দশকের শুরুর দিকে জরুরি অবস্থার সময় শত শত শিয়া মুসলিম স¤প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।
১৯৯৭ সালে মালিক ইসহাককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়।
মামলাগুলোর অধিকাংশই হত্যাকাণ্ড নিয়ে। গত বছর ১৪ বছর কারাদণ্ড ভোগ শেষে জামিনে মুক্তি পান ইসহাক। মুক্তি পাওয়ার পর থেকে তাকে কয়েকদফা গৃহবন্দিও রাখা হয়।
ইসহাককে ২০০৯ সালে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী বলেও সন্দেহ করা হয়।
ওই হামলায় সাত ক্রিকেটার ও একজন সহকারী কোচও আহত হয়। হামলায় ৮ পাকিস্তানি নাগরিক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৬ ঘ.
bdnews24