দুবাই, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি বৃহস্পতিবার বলেছেন, পরমাণু অস্ত্রে আগ্রহী না তার দেশ। তবে ইরান শান্তিপূর্ণ পরমাণু জ্বালানি কর্মসূচি চালিয়ে যাবে।
রাজধানী তেহরানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদের উদ্দেশে ভাষণে একথা বলেন খামেনি।
তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমারা সন্দেহ করলেও বাস্তব চিত্র একেবারেই এর বিপরীত। ইরান কখনোই পরমাণু অস্ত্রের পেছনে ছোটেনি। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টাও করছে না তারা।
এ ধরনের অস্ত্রের পেছনে ছোটা ‘বড় ধরনের নিন্দনীয় অপরাধ’, বলে মন্তব্য করেন খামেনি। তবে শান্তিপূর্ণভাবে পরমাণু জ্বালানি কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ইরান কখনোই ছেড়ে দেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
এ ব্যাপারে খামেনি বলেন, “আমাদের লক্ষ্য, সবার জন্য পরমাণু জ্বালানি, কারো জন্য পরমাণু অস্ত্র নয়।”
পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, এতে ইরান ভেঙে পড়বে না, পড়েওনি। বরং পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে ইরান আরো সংকল্পব্ধ হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অযৌক্তিক’ কাঠামোরও সমালোচনা করেন খামেনি। এ পরিষদের ত্র“টিপূর্ণ এবং অগণতান্ত্রিক কাঠামোর কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ইরানে যান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণ করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সিরিয়া প্রসঙ্গে বান ইরানের নেতাদেরকে তাদের প্রভাব খাটিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহিংসতা বন্ধে বাধ্য করার আহ্বান জানান।
কিন্তু খামেনি সিরিয়ার বিদ্রোহীদের হাতে অস্ত্র পাচার হওয়াকে মূল সমস্যা হিসাবে চিহ্নিত করে তা বন্ধ করাই সঙ্কট নিরসনের উপায় বলে জানিয়েছেন। একথাই বলা হয়েছে খামেনির নিজস্ব ওয়েবসাইটে।
বান কি মুনসহ মিশরের প্রেসিডেন্ট মোহম্মদ মুরসি, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ও আরো বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকারপ্রধানরা দুদিনের এ সম্মেলনে উপস্থিত রয়েছেন।
ইরান পশ্চিমা অবরোধের জবাবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে তেহরানের স¤প্রীতির দৃষ্টান্ত তুলে ধরতেই আয়োজন করেছে ১২০ টি দেশের প্রতিনিধিদের এ সম্মেলন। নানা ইস্যুসহ এ সম্মেলনে প্রাধান্য পাচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ এবং মানবাধিকার বিষয়ক আলোচনাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ১৬০২ঘ.
bdnews24