জেনেভা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের এক চিকিৎসকের শিরচ্ছেদ করার পর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিচেনায় পাকিস্তানে অধিকাংশ কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক সেবা সংস্থা রেডক্রস। তবে সীমিত পরিসরে সংস্থাটি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে ।
মঙ্গলবার রেডক্রসের একটি ব্লগে এ ঘোষণা দিয়েছেন দক্ষিণ এশিয়া রেডক্রসের প্রধান জ্যাকুয়েস দে মায়ো।
তিনি বলেন, “সব ধরনের ত্রাণ ও রক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সব পুনর্বাসন কার্যক্রম, অর্থনৈতিক প্রকল্পও বন্ধ রাখা হবে।”
“আমরা অনেকগুলো দপ্তর বন্ধ করেছি। রাজবন্দীদের পরিদর্শন কার্যক্রমও বন্ধ করেছি আমরা,” বলেন তিনি।
মঙ্গলবার ইসলামাবাদে রেডক্রসের প্রতিনিধিদলের প্রধান পল ক্যাস্টেলা এক বিবৃতিতে বলেন, “যদি পরিস্থিতি আমাদের কর্মীদের কাজ করার মতো উপযুক্ত হয়ে উঠে তাহলে সঙ্গে সঙ্গে আহত ও শারীরিকভাবে অক্ষম মানুষকে সাহায্য করার কার্যক্রম আবার শুরু করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি।”
চলতি বছরের জানুয়ারিতে সন্দেহভাজন জঙ্গিরা রেডক্রসের কর্মীসদস্য যুক্তরাজ্যের নাগরিক খলিল রাশজেদ দালকে অপহরণ করেছিল। বেলুচিস্তানের কোয়েটায় তিনি রেডক্রসের একটি স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করতেন। ২৯ এপ্রিল খলিলের মাথাহীন দেহ উদ্ধার করা হয়।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মে মাসে পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে তিনটিতে কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছিল রেডক্রস। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর থেকে রেডক্রস দেশটিতে কার্যক্রম চালিয়ে আসছিল।
সচরাচর কোথাও কার্যক্রম বন্ধ করে না রেডক্রস, এমনকি যুদ্ধ এলাকার মধ্যেও কার্যক্রম অব্যাহত রাখে। প্রধানত প্রাকৃতিক দুর্যোগ ও সহিংসতায় হাত-পা হারানো মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি।
২০১১ সালে ১৩শ’ স্বেচ্ছাসেবী কর্মী সদস্য নিয়ে পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বড় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে রেডক্রস।
খলিল পাকিস্তানে শিরচ্ছেদ হওয়া তৃতীয় পশ্চিমা নাগরিক। এর আগে ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল ও ২০০৯ সালে পোল্যান্ডের ভূতাত্ত্বিক পিওর্ত স্ট্যানজ্যাকের শিরশ্চেদ করা হয়েছিল।
খলিলের লাশ উদ্ধার করার পর পাকিস্তান তালেবান হত্যার দায়িত্ব স্বীকার করে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পাকিস্তানি পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24