২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনিই রিপাবলিকান প্রার্থী

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রমনিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 04:02 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মিট রমনিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির জাতীয় সম্মেলনে এই মনোনয়ন দেওয়া হয়। মঙ্গলবার ফ্লোরিডা রাজ্যের টাম্পায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে বিবিসি জানায়। সম্মেলনে যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্য ও অঞ্চলের প্রতিনিধিরা ম্যাসাচুসেটসের সবেক গভর্নর রমনির পক্ষে ভোট দেওয়ার জন্য এসে জড়ো হয়েছিলেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ডেমক্রেট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন রমনি। সাম্প্রতিক জরিপগুলোতে প্রেসিডেন্ট নির্বাচনে রমনি ও ওবামার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। রিপালিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার জন্য রমনির অন্তত ১ হাজার ১৪৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। তিনি এর চেয়ে অনেক বেশি, ২০৬১ ভোট পেয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। রমনির মনোনয়ন ঘোষণার কয়েক মিনিট পর উইসকনসিন এর কংগ্রেসম্যান পল রায়ানকে রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়। সম্মেলনে রমনি নিজে উপস্থিত ছিলেন না। তবে কাছের একটি হোটেল থেকে সস্ত্রীক তিনি অনুষ্ঠানটি দেখেছেন। রিপালিকান দলের জাতীয় এই সম্মেলন সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু হ্যারিকেন আইজ্যাকের কারণে একদিন পিছিয়ে মঙ্গলবার তা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯৫৮ ঘ.