ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে সুইস ব্যাংকে চিঠি লিখার বিষয়টি নিষ্পত্তিতে ৩ সপ্তাহের সময় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
প্রধানমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করা হলে নির্ধারিত সময়ের একদিন আগেই সোমবার তিনি আদালতে হাজির হন বলে দ্য ডন সংবাদ মাধ্যম জানিয়েছে।
আগামী ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতে হাজির হওয়ার পর প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের উদ্দেশ্যে পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান আসিফ সাইদ খোসা বলেন, এই বিষয়টি নিষ্পত্তির জন্য তিনদিন সময়ই যথেষ্ঠ। আর প্রধানমন্ত্রীর উচিৎ আদালতের নির্দেশনা ক্রমে এই বিষয়টির নিষ্পত্তি ঘটানো।
বিচারক খোসা আরো বলেন, এই বিষয়টি জটিল কিছু নয়। কিন্তু সরকার একে জটিল করে তুলছে।
প্রধানমন্ত্রী আশরাফ সুইস ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি লেখার জন্য আদালতের কাছে ছয় সপ্তাহের সময় চান।
এ সময় তিনি আদালতকে বলেন, “বিষয়টি বুঝতে আমার সময় প্রয়োজন। এরসঙ্গে আইনি ও সাংবিধানিক বিষয় জড়িত।”
তিনি আরো বলেন, “সাংবিধানিক ও আইন বিশেষজ্ঞদের সহায়তা পাওয়ার জন্যও আমার সময় প্রয়োজন।”
আদালতের যথাযথ সম্মান সরকার বজায় রাখবে বলে এ সময় নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী আশরাফ।
আদালতের বেধে দেওয়া সময়ের আগেই হাজিরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশরাফ গণমাধ্যমকে জানান, আইনের প্রতি তার শ্রদ্ধার কারণেই নির্ধারিত সময়ের আগেই তিনি হাজির হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টে হাজির হন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। সুপ্রিম কোর্টের ২ নম্বর কক্ষে এই বিষয়টির শুনানি হয়।
রোববার রাতে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের বৈঠকে সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ সোমবারই আদালতে হাজিরা দেবেন।
ক্ষমতাসীন জোট এ ব্যাপারে অনড়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় শুরুর ব্যাপারে সুইস ব্যাংক কর্তৃপক্ষকে কোনো চিঠি দেওয়া হবে না।
এ ব্যাপারে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আরো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত বলেও জানা গেছে।
এর আগেও কয়েক দফা সময় নিয়েও বিষয়টির নিষ্পত্তি ঘটাননি প্রধানমন্ত্রী আশরাফ। তার পূর্বসূরী সাবেক প্রধানমন্ত্রী গিলানিকে আদালত অযোগ্য ঘোষণার পর প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হয়।
অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সুইস ব্যাংকে ৬ কোটি মার্কিন ডলার জমা রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৪ ঘ.
bdnews24