ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মমন্ডলীয় ঝড় ইসাকের কারণে সোমবার ফ্লোরিডার টম্পায় অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন মঙ্গলবার পর্যন্ত পিছিয়েছে রিপাবলিকানরা।
এ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান প্রার্থী হিসাবে মিট রমনির নাম ঘোষণা করার কথা রয়েছে। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যাসাচ্যুসেটসের সাবেক গভর্নর রমনি।
ইসাক রোববার ফ্লোরিডায় আঘান আনতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা।
মিয়ামি-ভিত্তিক যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, “ফ্লোরিডায় পৌঁছানোর সময় ইসাক ঘূর্ণিঝড়ের মত শক্তিশালী হয়ে উঠতে পারে।”
টম্পার উত্তরাঞ্চল পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, ওই অঞ্চলগুলোতে আশ্রয়কেন্দ্র খোলাসহ ফ্লোরিডা থেকে ভ্রমণকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
ঝড়টি এখন ফ্লোরিডা থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ওদিকে, কমপক্ষে ছয়টি প্রদেশে সতর্কতা জারি করেছে কিউবা এবং অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24