২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে মসজিদ গুঁড়িয়ে দিল বিরোধীরা

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কেন্দ্রীয় এলাকায় শনিবার দিনদুপুরে বুলডোজার দিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে একদল হামলাকারী। বড় শাব মসজিদ নামে পরিচিত এ মসজিদ প্রাঙ্গণে মুসলিম সুফি সাধকদের কবর আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ত্রিপোলি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির কেন্দ্রীয় এলাকায় শনিবার দিনদুপুরে বুলডোজার দিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে একদল হামলাকারী। বড় শাব মসজিদ নামে পরিচিত এ মসজিদ প্রাঙ্গণে মুসলিম সুফি সাধকদের কবর আছে। লিবিয়ার শাসক মুয়াম্মাম গাদ্দাফির পতনের পর দেশটিতে এটি সবচেয়ে বেপরোয়া সা¤প্রদায়িক হামলা বলে মনে করছেন বিশ্লেষকরা। মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে লিবিয়া সরকার। সুফি সাধকদের কবর ও মাজারকে অনৈসলামিক বলে মনে করে এমন একটি সশস্ত্র গোষ্ঠী হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুইদিনের মধ্যে এটি লিবিয়ার সুফি স্থাপনায় বিরোধীদের দ্বিতীয় হামলা। এর আগে শুক্রবার সকালে অতিরক্ষণশীল ইসলামপন্থিরা জ্লিতানে অপর একটি মসজিদ গুঁড়িয়ে দেয়। জ্লিতানের ওই মসজিদটি বোমা মেরে ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর মসজিদের পাঠাগারে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। গাদ্দাফির পতনের এক বছর পর ক্ষমতার জন্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে এক সময়কার গাদ্দাফি বিরোধী যোদ্ধারা। নবনির্বাচিত লিবিয়ার ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ আল মাগারিয়াফ প্রধানমন্ত্রীকে রোববার একটি জরুরি বৈঠক ডাকতে বলেছেন। শনিবার রাতে তিনি বলেন, “এটি সত্যই হতাশাজনক ও অবিশ্বাস্য। যারা হামলায় অংশ নিয়েছে তাদের একাংশকে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাবেক বিদ্রোহী বলে মনে করা হচ্ছে।’ তবে কিভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই হামলায় অংশ নিল তা বিস্তারিত বলেননি তিনি। শাব মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে দেখেছেন রয়টার্সের এক সাংবাদিক। এ সময় ঘটনাস্থল ঘিরে রাখা পুলিশ বাহিনী সাধারণ মানুষকে সেখানে প্রবেশে বাধা দেয়। ধ্বংসস্তুুপের মধ্যে মসজিদ চত্বরে কবরের গর্তগুলো দেখা যাচ্ছে বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “মাঝারি ও ভারী অস্ত্র সজ্জিত বেশকিছু সংখ্যক মিলিশিয়া মসজিদটি ধ্বংস করতে আসে। তাদের ধারণা, মাজার প্রথা ইসলাম বিরোধী।” কর্তৃপক্ষ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছোটখাট সংঘর্ষ হয়। এরপর সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে এলাকাটি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৯ঘ.