ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদের বুকে প্রথম পা রেখে মানবজাতিকে বিংশ শতাব্দির সবচেয়ে বড় অর্জনটি এনে দিয়েছিলেন মার্কিন নভোচারী নেইল আর্মস্ট্রং।
চাঁদে পা রাখার মুহূর্তকে তিনি বর্ণনা করেছেন মানুষের জন্য ‘একটি ছোট পদক্ষেপ’ কিন্তু মানবজাতির একটি ‘বিশাল অগ্রগতি’ হিসেবে।
অ্যাপোলো ১১ এর চন্দ্র অভিযানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষ বনে যাওয়া নেইল আলডেন আর্মস্ট্রং ১৯৩০ সালের ৫ অগাস্ট ওহাইওতে জন্ম নেন। স্টিফেন ও ভায়োলা আর্মস্ট্রংয়ের তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড় নেইলে ছেলেবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল আকাশে ওড়ার।
বাবার সঙ্গে ছয় বছর বয়সে বিমানে ওড়া আর্মস্ট্রং ১৬ বছর বয়সেই তা চালানো শিখে ফেলেন। গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার আগেই রপ্ত হয়ে যায় ‘ওড়ার’ কায়দা।
আর্মস্ট্রংয়ের বেড়ে ওঠা ওহাইওতেই। স্কুলে বিজ্ঞান ও অংকে খুবই ভালো ফল করে মার্কিন নৌবাহিনীর বৃত্তি নিয়ে ১৯৪৭ সালে পড়তে যান ইন্ডিয়ানার পারডু বিশ্ববিদ্যালয়ে। দু’ বছর পর নৌবাহিনীর পাইলট হিসেবে কোরীয় যুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধ বিমান চালনায় অসাধারণ কৃতিত্বের জন্য তিনটি মেডেলও পান।
কোরীয় যুদ্ধ থেকে ফেরার পর ১৯৫৫ সালে পারডু থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন। এরপর তিনি ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি অন অ্যারোনটিকস (এনএসিএ) যোগ দেন, যা পরে নাসায় রূপ নেয়।
নাসায় সাত বছর পরীক্ষামূলক পাইলট হিসেবে কাজ করার সময় অসামান্য সাফল্য দেখান আর্মস্ট্রং। তার মহাকাশ অভিযান শুরু হয় ৩৫ বছর বয়সে; ১৯৬৬ সালের ১৬ মার্চ মহাশূন্যযান জেমিনি-৮ দিয়ে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, অ্যাপোলো ১১ মিশনের অধিনায়ক আর্মস্টংয়ের দক্ষতার সঙ্গে চন্দ্রযান নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বলেই মানুষের পক্ষে ওই অভিযানে চাঁদে নামা সম্ভব হয়। স্বয়ংক্রিয় যান নিয়ন্ত্রণ ব্যবস্থার বদলে তিনি নিজেই লুনার মডিউল ঈগলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন।
আর্মস্ট্রং যখন ‘সি অব ট্রানকুইলিটি’ নামে পরিচিত অবতরণস্থলে ঈগলকে নামান- তখন কেবল ৩০ সেকেন্ডের জ্বালানি অবশিষ্ট ছিল।
চাঁদে নেমেই আর্মস্ট্রং নাসার মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠান বিখ্যাত সেই রেডিও বার্তা, “দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড।”
এরপরই চাঁদের বুকে আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত ‘ছোট’ পদক্ষেপ যা মানবজাতিকে পৌঁছে দিয়েছিল অনেকদূর। ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে মানুষের প্রথম পদচিহ্ন এঁকে দেন তিনি। চাঁদে পা রাখার মুহূর্তকে তিনি বর্ণনা করেছেন মানুষের জন্য ‘একটি ছোট পদক্ষেপ’ কিন্তু মানবজাতির একটি ‘বিশাল অগ্রগতি’ হিসেবে।
সঙ্গী এডইউন অলড্রিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা চাঁদে বিচরণ করেন আর্মস্ট্রং। চাঁদের নামার অভিজ্ঞতা নিয়ে সিবিএসকে তিনি বলেছিলেন, “যাওয়ার জন্য এটি (চাঁদ) একটি মজার জায়গা। আমি সেখানে সবাইকে যেতে বলব!”
আর্মস্ট্রংয়ের নামে পরে চাঁদের একটি খাদের নামকরণ করা হয়। ঈগলের অবতরণস্থলের ৩০ মাইল দূরে সেই খাদের অবস্থান।
অ্যাপোলো ১১ মিশন শেষে মহাশূন্য অভিযান থেকে সরে এসে নাসার উন্নত গবেষণা ও প্রযুক্তি বিভাগে উপ-সহযোগী প্রশাসক হিসেবে যোগ দেন আর্মস্ট্রং। পরের বছরেই নাসা ছেড়ে দিয়ে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। স্ত্রী ক্যারলের সঙ্গে থাকতেন সিনসিনাটিতেই।
চন্দ্র অভিযানের পর বলতে গেলে নিভৃত জীবন কাটিয়েছেন চন্দ্রজয়ী এ বীর। জনসম্মুখে এসেছেন কদাচিৎ।
আর্মস্ট্রং কখনই তার খ্যাতির কোনো সুবিধা নিতে চাননি। একবার কেবল তিনি গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ক্রাইসলারের হয়ে টিভি বিজ্ঞাপন করেছিলেন। পরে তিনি বলেছিলেন, ক্রাইসলারের প্রকৌশলে অগ্রগতির ইতিহাসে আকৃষ্ট হয়ে এ কোম্পানির অর্থনৈতিক বিপর্যয়ে সহায়তা করতেই বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন তিনি।
২০০৫ সালে আর্মস্ট্রংয়ের এক গুচ্ছ চুল এক সংগ্রাহকের কাছে ৩ হাজার ডলারে বিক্রি করেন তার নাপিত। এ ঘটনায় আর্মস্ট্রং ব্যথিত হলেও ওই সংগ্রাহক তা ফিরিয়ে দিতে অস্বীকার করেন।
রাজনীতিতে আসার জন্য আর্মস্ট্রংকে অনেক বার সাধা হয়েছে। প্রতিবারই তিনি প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন। ১৯৮৬ সালে উড্ডয়নের পরপরই স্পেস শাটল চ্যালেঞ্জার বিস্ফোরণে সাত আরোহীর মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিশনে তিনি সদস্য হিসেবে কাজ করেন।
কয়েক বছর আগে আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্র থেকে মার্কিন নভোচারীদের আনা-নেওয়ার জন্য অন্য কোনো দেশ বা কোম্পানির কাছ থেকে নভোযান কেনার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা নিয়ে কংগ্রেসের এক শুনানিতে সাক্ষ্য দেন তিনি।
গত নভেম্বরে আরো তিনজন নভোচারীর সঙ্গে আর্মস্ট্রংকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হয়।
১৯৫৬ সালে প্রেমিকা জেনেট শিয়ারনকে বিয়ে করেন আর্মস্ট্রং। ১৯৯৪ সালের জেনেটের সঙ্গে ছাড়াছাড়ির পর বিয়ে করেন ক্যারল নাইটকে।
গত ৫ অগাস্ট ৮২তম জন্মদিন পালন করার ঠিক দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হন আর্মস্টং। শনিবার তার পরিবারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানায়, হৃদপিণ্ডে অস্ত্রোপচারের সেই ধকল আর তিনি সামলে উঠতে পারেননি।
আর্মস্ট্রং দুই ছেলে এবং এক সৎ ছেলে ও এক সৎ মেয়ে রেখে গেছেন। তবে পৃথিবীর সব মানুষের মণিকোঠায়, সব শিশুর পাঠ্যবইয়ের পাতায় উজ্জ্বল হয়ে থাকবেন চন্দ্রবিজয়ী এই বীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩৫ ঘ.
bdnews24