নিউ ইয়র্ক, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট ভবনের সামনে গুলিবর্ষণের ঘটনায় আহত নয় পথচারী পুলিশের গুলিতে আহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ।
শুক্রবার এম্পায়ার স্টেট ভবনের সামনে এক সাবেক সহকর্মীকে অতর্কিত গুলিবর্ষণে হত্যা করে এক আততায়ী। সঙ্গে সঙ্গে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী সাবেক ফ্যাশন ডিজাইনার জেফরি জনসন নিজেও নিহত হন।
দুই পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী জনসন নিহত হন বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন।
ওই সময় গোলাগুলির ঘটনায় আরো নয় পথচারী আহত হয়। তারা কার গুলিতে আহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা না গেলেও পরবর্তী অনুসন্ধানে জানা গেছে তারা পুলিশের গুলিতে আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজন সরাসরি পুলিশের গুলিতে আহত হলেও অপর ছয়জন গুলির আঘাতে কংক্রিটের ছিটকে যাওয়া টুকরায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জনবহুল এলাকায় হামলাকারীদের রুখতে এক বিশেষ ধরনের গুলি ব্যবহার করে নিউ ইয়র্ক পুলিশ। পাশে থাকা লোকজনকে আহত হওয়া থেকে রক্ষা করতে ১৪ বছর আগে এ ধরনের গুলি ব্যবহার শুরু করে তারা।
ভিতরের দিকে ফাঁপা এই গুলিগুলো লক্ষ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ব্যাঙের ছাতার আকার ধারণ করে। এতে গুলিবিদ্ধ ব্যক্তি মারাত্মক আহত হলেও গুলি তার শরীর ভেদ করে যায় না।
তবে এসব গুলি কোনো কংক্রিটের স্থাপনায় আঘাত করলে সেখান থেকে কণা ছিটকে আসার সম্ভবনা অনেক বেশি।
নিউ ইয়র্ক পুলিশের সাবেক কমিশনার বিল ব্রাটন জানান, জনবহুল রাস্তায় একজন অস্ত্রধারী গুলি ছুঁড়ছে এ অবস্থায় হামলাকারীকে দ্রুত নিরস্ত করাই পুলিশের প্রাথমিক লক্ষ্য থাকে। এ ক্ষেত্রে দুই পুলিশ কর্মকর্তার ভূমিকাও সঠিক ছিল বলে মনে করেন তিনি।
এই বিশেষ ধরনের গুলির একটি বা দুটির ব্যবহারের মাধম্যেই জনবহুল এলাকায় যে কোনো হুমকী দ্রুত মোকাবিলা করা যায় বলে জানান তিনি।
তবে এ ধরনের গুলির ব্যবহার যুক্তরাষ্ট্র জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৪৩ ঘ.
bdnews24