ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার বদরুদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন।
দেশটির উত্তর ওয়াজিরিস্তানে মঙ্গলবার হাক্কানি নিহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন তার এক আত্মীয়। তবে পাকিস্তান বা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ মৃত্যু নিশ্চিত করেননি।
হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে মার্কিন বাহিনীর অন্যতম শত্রু। বিবিসি সংবাদদাতা মন্তব্য করেছেন, বদরুদ্দিনের মৃত্যু নিশ্চিত হলে মার্কিন বাহিনীর জন্য তা হবে এক বড় জয়।
উত্তর ওয়াজিরিস্তানের যে এলাকটিতে বদরুদ্দিন হাক্কানি নিহত হয়েছেন সেখানেই হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি এবং তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের আস্তানা।
বদরুদ্দিন হাক্কানি ওই নেটওয়ার্কের জ্যেষ্ঠ কমান্ডার ও অর্থনৈতিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০০৫ ঘ.
bdnews24