২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন হত্যার অভিযান নিয়ে বই: জীবনঝুঁকিতে লেখক

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ প্রকাশিতব্য নতুন বইয়ের লেখক প্রাণনাশের ঝুঁকিতে পড়েছেন। এমন কী তাকে আইনের মুখোমুখিও করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ওয়াশিংটন, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ প্রকাশিতব্য নতুন বইয়ের লেখক প্রাণনাশের ঝুঁকিতে পড়েছেন। এমন কী তাকে আইনের মুখোমুখিও করা হতে পারে। শুক্রবার আল কায়েদার ওয়েবসাইটের এক কর্মকর্তা ওই বইয়ের সম্ভাব্য লেখক সাবেক নেভি সিল কমান্ডোর একটি ছবিসহ পোস্ট দিয়েছেন। তাতে তার নাম উল্লেখসহ লেখা রয়েছে, “এই সেই কুকুর যে শহীদ শেখ ওসামা বিন লাদেনকে হত্যা করেছে”। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী কমান্ডো বাহিনীর প্রধান অ্যাডমিরাল বিল ম্যাকরেভেন এক খোলা চিঠিতে ঘোষণা দিয়েছেন, এই বাহিনীর বর্তমান অথবা সাবেক যে কোনো সদস্য যদি এমন কোনো স্পর্শকাতর তথ্য প্রকাশ করেন যাতে বাহিনীর সুনাম ক্ষুণœ হয়, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চিঠিতে তিনি জানিয়েছেন, “আমাদের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর বর্তমান অথবা সাবেক যে কোনো সদস্য যারা লেখালেখির সঙ্গে জড়িত তাদের লেখা প্রকাশের আগে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখতে পর্যালোচনার জন্য উপস্থাপনে নৈতিক বাধ্যবাধকতা ও আইনি দায় রয়েছে।” বৃহস্পতিবার ফক্স নিউজ ওই গ্রন্থের লেখকের প্রকৃত নাম প্রকাশ করে। শুক্রবার আল কায়েদার ওয়েবসাইট “দ্য আল ফিদা ইসলামিক নেটওয়ার্ক” এ ওই ব্যক্তির ছবি, নাম ও বয়সসহ একটি পোস্ট প্রকাশ করে। তাতে বিভিন্ন মন্তব্য আসে। এসব মন্তব্যের মধ্যে সাবেক ওই নেভি সিল কমান্ডোকে হত্যারও আহ্বান জানানো হয়। একজন মন্তব্য করেন, “হে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি হত্যা করো”। অপর একজন লিখেছেন, “সমগ্র বিশ্বের কাছে তুমি তাকে উদাহরণ করে এই বার্তা পৌঁছে দাও যে, অন্ধকারাচ্ছন্ন দিন সমাগত।” যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদমাধ্যমও তার নাম জানতে পেরেছে। রয়টার্সও তার পরিচয় জানে। কিন্তু তার নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা থেকে রয়টার্স বিরত রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নেভি সিলের সাবেক ওই সদস্যকে আইনের মুখোমুখি করা হতে পারে। কারণ ওই বই প্রকাশের আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেননি। মাসে যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে হামলার বর্ষপূর্তিতে ওই বইটি প্রকাশের কথা রয়েছে। বইটি লিখেছেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযান চালানো দেশটির নৌ বাহিনীর বিশেষ শাখা নেভি সিলে’র একজন সদস্য। তার সঙ্গে সহ- লেখক হিসেবে রয়েছেন একজন সাংবাদিক। ওই নেভি সিল সদস্য লাদেন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মার্কিন ‘নেভি সিল’ বিশেষ অভিযান পরিচালনার জন্য দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি একটি বিশেষ বাহিনী। তবে তারা বইয়ের লেখক হিসাবে নিজেদের পরিচয় প্রকাশ করেননি, ‘মার্ক ওয়েন’ ও ‘কেভিন মরার’ ছদ্মনামে বইটি লিখেছেন তারা। বইটির নাম হচ্ছে: “নো ইজি ডে: দি ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিল ওসামা বিন লাদেন।” নিরাপত্তার স্বার্থে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করা হয় নি বলে বইটির প্রকাশনা সংস্থা ডাটন পাবলিশার্স জানালেও ইতোমধ্যে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে। আর বইটি সম্পর্কে বুধবার গণমাধ্যমে খবর প্রকাশের আগে ওবামা প্রশাসনও এ সম্পর্কে কিছু জানতো না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৯ ঘ.