অস্ট্রেলিয়া, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া বছরে ২০ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে দেশটি বছরে ১৩ হাজার ৭৫০ জন শরণার্থীকে আশ্রয় দেয়।
এ সংখ্যা একলাফে ৪৫ শতাংশ বাড়াল অস্ট্রেলিয়া। গত ৩০ বছরের মধ্যে শরণার্থী আশ্রয়ের এ হার সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ অনুযায়ী অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে। সাগর পাড়ি দিয়ে শরণার্থীদের অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ রোধ করাই এর লক্ষ্য।
আশ্রয়প্রার্থীদের জন্য অস্ট্রেলিয়ার উপকূলের অদূরে নাউরু এবং পাপুয়া নিউ গিনির আশ্রয়কেন্দ্রগুলো নতুন করে খুলে দেওয়ার বিষয়টিও স¤প্রতি অনুমোদন করেছেন আইনপ্রণেতারা।
এ মাসের শুরুর দিকে শরণার্থী বিষয়ক একটি স্বতন্ত্র প্যানেলের দেওয়া ২২ টি প্রস্তাবের মধ্যে শরণার্থী আশ্রয়ের সংখ্যা বাড়ানো এবং আশ্রয়কেন্দ্র পুনরায় খোলার এ সিদ্ধান্ত হয়েছে।
তিন সদস্য বিশিষ্ট এ প্যানেলের নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রতিরক্ষা প্রধান অ্যানগাস হাউসটোন।
আশ্রয়প্রার্থীদের অবৈধপথে অস্ট্রেলিয়া প্রবেশ নিরুৎসাহিত করার পাশাপাশি বৈধপন্থায় আশ্রয়লাভের জন্য শরণার্থীদেরকে উৎসাহিত করা নতুন পদক্ষেপের লক্ষ্য বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24