২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানে ভারী বৃষ্টিপাতে ২০ জনের মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যে প্রবল মৌসুমী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্ততপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজস্থান রাজ্যে প্রবল মৌসুমী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্ততপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার থেকে টানা মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যের রাজধানী জয়পুরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরটির প্রায় ২০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বন্যা ও বাড়িধসে পড়াসহ অন্যান্য কারণে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। রাজস্থানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৮১ সালের পর এবারই জয়পুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরফলে শহরটির নিচু অঞ্চলসহ আশপাশের এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে অনেকে ঘর-বাড়ির চালে ও ছাদে আশ্রয় নিয়েছে। রাজস্থানের আধাসামরিক বাহিনীর উদ্ধারকর্মীরা বন্যায় আটকেপড়াদের উদ্ধার করার কাজ শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুতে ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখন্ড প্রদেশে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্ততপক্ষে ৩৪ জন মানুষের মৃত্যু হয়। চলতি বছরের জুনে আসাম প্রদেশে বৃষ্টি ও বন্যার কারণে অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়। বন্যার কারণে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৫ ঘ.