ম্যানিলা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিমান দুর্ঘটনার তিন দিন পর সাগর থেকে ফিলিপাইনের নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী জেসি রবরেডোর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বিধ্বস্ত সেনেকা বিমানটির ধ্বংসাবশেষের ভেতরে মৃতদেহটি পাওয়া যায়।
মঙ্গলবার ফিলিপাইনের এক উর্ধ্বতন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
শনিবার ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মাসবাতের উপকূলীয় সাগরে রবরেডোকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। ছয় আসন বিশিষ্ট পিপার সেনেকা বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে জরুরী অবতরণের চেষ্টা করেন বিমানচালক। কিন্তু তার আগেই বিমানটি সাগরে বিধ্বস্ত হয়।
ফিলিপাইনের পরিবহন ও যোগাযোগমন্ত্রী মার রোক্সাস জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ভেতর থেকে রবরেডোর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিমানটির নিহত দুজন পাইলটের মৃতদেহ এখনও বিধ্বস্ত বিমানটির ভেতরে রয়েছে বলে জানিয়েছেন তিনি। পাইলটদের মধ্যে একজন ফিলিপিনো ও অপরজন নেপালি শিক্ষানবীশ।
রবরেডোকে বহনকারী বিমানটি মধ্যাঞ্চলীয় শহর সেবু থেকে মন্ত্রীর নিজ শহর নাগা যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটিকে মাসবাতে বিমানবন্দরের রানওয়ে থেকে ৫’শ মিটার দূরে সাগরে বিধ্বস্ত হতে দেখেছেন।
৫৪ বছর বয়সী রবরেডো ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো একুইনোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একুইনোর জয়ে রবরেডোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/ ১৫০৩ ঘ.
bdnews24