ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৫০ বছর পর সোমবার গণমাধ্যমের ওপর থেকে নিষোধাজ্ঞা তুলে নিয়েছে মিয়ানমার।
এখন থেকে দেশটিতে তথ্য প্রকাশের আগে রাষ্ট্রীয় অনুমতির প্রয়োজন হবেনা সাংবাদিকদের।
কিন্তু সাংবাদিকরা কী লিখছে তার ওপর কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছে দেশটির প্রেস নিরাপত্তা ও নিবন্ধীকরণ বিভাগ (পিএসআরডি)।
গত বছর বেসামরিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশ পুনর্গঠনে নেওয়া বেশ কিছু পদক্ষেপের মধ্যে এটি একটি, বিবিসি এ খবর জানিয়েছে।
পিএসআরডি’র প্রধান টিন্ট সউই বলেছেন, “১৯৬৪ সালের ৬ অগাস্ট নিষেধাজ্ঞা শুরু হয়েছিল এবং ৪৮ বছর, দুই সপ্তাহ পর তা শেষ হলো।”
তবে চলচ্চিত্রের ওপর এখনো নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৩০ ঘ.
bdnews24