২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জঙ্গিদের হামলায় নিহত ১৪

ইয়েমেনের বন্দরনগরী এডেনে গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে সন্দেহভাজন ইসলামি জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৪ জন সেনা ও নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

এডেন, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের বন্দরনগরী এডেনে গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে সন্দেহভাজন ইসলামি জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৪ জন সেনা ও নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। শনিবারের ওই হামলায় আরও অন্তত সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের বিরুদ্ধে সংঘটিত অভ্যুত্থানের সময় দখল করা শহরগুলো থেকে আল কায়েদার সহযোগী বাহিনী আনসার আল শরিয়াহকে তাড়িয়ে দেওয়ার অভিযানে গত বছর যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল। শনিবারের হামলার এক প্রত্যক্ষদর্শী বলেন, জঙ্গিরা গোয়েন্দা সংস্থাটির তিন তলা ভবনের দিকে রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেয়। স্থানীয় একটি নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারীরা আল কায়েদা বাহিনীর জঙ্গি। সূত্র জানায়, জঙ্গিরা পাশের পাঁচতলা টেলিভিশন ভবনের সামনে গাড়ি থামিয়ে একটি সামরিক যানে বিস্ফোরণ ঘটায়। তারা পালিয়ে যাওয়ার আগে গোয়েন্দা সংস্থার ভবনটির দিকে গ্রেনেড নিক্ষেপ করে। ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, গোয়েন্দা সদর দপ্তরে পাহারারত চার কর্মকর্তা হামলায় নিহত হয়। আহত হয় আরো ১০ জন। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১৪ ও আহতের সংখ্যা সাত বলা হয়েছে। হামলায় হতাহতরা গোয়েন্দা সংস্থা ও পাশের টেলিভিশন ভবনের পাহারায় নিয়োজিত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। জুন মাস থেকে সন্দেহভাজন জঙ্গিরা শীর্ষ সামরিক ও নিরাপত্তা লক্ষবস্তুতে কয়েক দফা ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালায়। তারা সানায় পুলিশ অ্যাকাডেমিতে হামলা, দক্ষিণাঞ্চলের সামরিক অধিনায়ককে গুপ্তহত্যা এবং সামরিক বাহিনীর সহযোগী একটি উপজাতীয় বাহিনীর অধিনায়ককে হত্যার চেষ্টা করেছিল। এর জবাবে ওয়াশিংটন আরব উপদ্বীপে ড্রোন হামলা চালায়। এর আগে জঙ্গিরা যুক্তরাষ্ট্রের ওপর কয়েকটি ব্যর্থ হামলা চালায়। আরব উপদ্বীপে আল কায়েদার হামলার হুমকি মোকাবেলা করতে এবং বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক প্রতিবেশি সৌদি আরবে সহিংসতার উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র ইয়েমেনকে ব্যাপক সহযোগিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/২২৩৬ ঘ.