মারিকানা (দক্ষিণ আফ্রিকা), অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার মারিকানা প্লাটিনাম খনিতে বৃহস্পতিবার ধর্মঘটরত খনি শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন দেশটির পুলিশমন্ত্রী নাথি মদিথওয়া।
তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার রেডিও ৭০২ তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিহতের এই সংখ্যা নিশ্চিত করেন।
অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে প্রকাশিত সংবাদটি তিনি নিশ্চিত করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে মদিথওয়া বলেন , “হ্যাঁ”। পরে তিনি বলেন, “আমি শুধু গতকালের কথা বলছি।”
ধর্মঘটী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বৃহস্পতিবার অভিযানে নামে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় বড় ছুরি ও বল্লমধারী ধর্মঘটকারীদের লক্ষ করে পুলিশ গুলি ছোঁড়ে।
লনমিন কোম্পানির মালিকানাধীন এই খনিটিতে মজুরি নিয়ে বিতর্ক চলছিল। দুটি প্রতিদ্বন্দ্বী শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত হয়ে ছিল। ধর্মঘট চলাকালে আরো ১০ জন নিহত হয়েছিল।
মদিথওয়া আরো বলেন, “অনেক লোক আহত হয়েছে আর এদের সংখ্যা বেড়েই চলছে।”
বর্ণবাদ অবসানের পর দক্ষিণ আফ্রিকায় পুলিশের চালানো এটি সবচেয়ে রক্তক্ষয়ী অভিযান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৫ ঘ.
bdnews24