২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরিব দেশে ধূমপানের ‘উদ্বেগজনক’ চিত্র

বিগত বছরগুলোতে ধূমপানবিরোধী প্রচার চালানোর পরও উন্নয়নশীল দেশগুলোর পাঁচ ভাগের দুই ভাগ লোক এখনো ধূমপানে আসক্ত। আর নারীদের মধ্যে অল্পবয়সেই ধূমপানে আসক্ত হয়ে পড়ার সংখ্যা ক্রমাগত বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

লন্ডন, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিগত বছরগুলোতে ধূমপানবিরোধী প্রচার চালানোর পরও উন্নয়নশীল দেশগুলোর পাঁচ ভাগের দুই ভাগ লোক এখনো ধূমপানে আসক্ত। আর নারীদের মধ্যে অল্পবয়সেই ধূমপানে আসক্ত হয়ে পড়ার সংখ্যা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি চিকিৎসা সাময়িকী ল্যানচেট পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজন চিত্র। শুক্রবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৬৪ ভাগ ধূমপায়ী সিগারেটের মাধ্যমে তামাক সেবন করলেও বাংলাদেশ ও ভারতে ‘সাদা পাতা’ বা জর্দা খাওয়ার অভ্যাস চালু আছে। এ গবেষণায় দেখা গেছে, গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী ধূমপানবিরোধী প্রচারণায় ধনী দেশগুলোতে ইতিবাচক সাড়া মিললেও অধিকাংশ উন্নয়নশীল দেশে ধূমপান ত্যাগের হার খুবই কম। এসব দেশে ধূমপায়ীদের অর্ধেকেরই মৃত্যু তামাক সেবনের বিরূপ প্রভাবে। গবেষকরা বলছেন, এসব দেশে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ধূমপানের প্রচলন বেশি। যেখানে ৪১ শতাংশ পুরুষ ধূমপান করেন, সেখানে নারীদের মধ্যে এই হার ৫ শতাংশ। বিশ্বে ধূমপায়ীর সংখ্যা সবচে বেশি চীনে। এ দেশের ৩০ কোটি ১০ লাখ মানুষ বিভিন্নভাবে তামাক সেবন করেন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে তামাকসেবীর সংখ্যা ২৭ কোটি ৫০ লাখ। বাংলাদেশ, মেক্সিকো, ফিলিপাইন, থাইল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, উরুগুয়ে এবং ভিয়েতনামেও তামাকসেবীদের ওপর এ গবেষণা পরিচালিত হয়। গবেষকরা দেখতে পেয়েছেন, স্বল্প আয়ের দেশগুলোতে তামাক থেকে পাওয়া করের প্রতি ৯ হাজার ১০০ ডলারের মধ্যে মাত্র এক ডলার ধূমপান বিরোধী প্রচারণায় ব্যয় করা হয়। নিউইয়র্কের বাফেলো স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ প্রফেশনের গ্যারি জিওভিনো বলেন, ২০০৮ সাল থেকে ১১০ কোটি মানুষ সবচেয়ে কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতিমালার আওতায় এলেও বিশ্বের মোট জনসংখ্যার ৮৩ ভাগকেই পুরোপুরি এই নীতিমালার আওতায় আনা সম্ভব হয়নি। কয়েকটি উন্নত দেশে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করার আইন পাস হলেও বিজ্ঞাপন বন্ধ করা এবং সিগারেটের প্যাকেটে সচিত্র সর্তকতাবাণী বাধ্যতামূলক করা সম্ভব হয়নি অনেক দেশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বিশ্বে প্রতি বছর ৬০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে ৬ হাজারেরও বেশি মানুষ পরোক্ষ ধূমপানে মারা যায়। বর্তমান ধারা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ ধূমপানে প্রতি বছর ৮০ লাখ মানুষ মারা যাবে বলে আশঙ্কা করছে ডব্লিউএইচও । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এইচএএইচ/সিআর/১৪৫২ ঘ.