ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ফুকেটে একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন।
কয়েকজন বিদেশি নাগরিকসহ ডজনখানেক লোক এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার নিউজ ডটকম জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে টাইগার ডিসকো নামের ওই ক্লাবে আগুন লাগে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
বিদ্যুতের ট্রান্সফর্মারে বজ্রপাতের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে স্থানীয় কর্মকর্তাদের ধারণা।
ফুকেটের ডেপুটি গভর্নর শামরোয়েন টিপায়াপোংটাডা বলেন, “অন্তত চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে হতাহতদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন।”
সারা বছরই বিপুল সংখ্যক পর্যটক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন, যাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন।
ফুকেটের পাতং সৈকত এলাকার টাইগার ক্লাবে বিদেশি অতিথিদেরও নিয়মিত যাতায়াত আছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
২০০৯ সালে নববর্ষের রাতে ব্যাংককের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হওয়ার পর থাইলান্ডের নৈশ বিনোদন কেন্দ্রগুলোর অগ্নিনির্বাপন ব্যবস্থার বেহাল অবস্থা আলোচনায় আসে।
ওই ঘটনায় ক্লাবের মালিকসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে থাইল্যান্ডের আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২২ ঘ.
bdnews24