ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেটো সেনাসহ ১১ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ) জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন আমেরিকান সেনা ও চারজন আফগান নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কান্দাহার প্রদেশের শাহ ওয়ালি কোট এলাকায় পড়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
আইএসএএফ জানিয়েছে, তারা বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছে, বিবিসি এ খবর জানিয়েছে।
নিহত আফগানদের মধ্যে তিনজন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যজন বেসামরিক দোভাষী বলে জানিয়েছেন তারা।
তলেবান জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে তারা জড়িত। কিন্তু তাদের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১০৫ ঘ.
bdnews24