২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ কোটি ডলার জরিমানা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

ইরানের সঙ্গে গোপনে লেনদেন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্রকে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নিউ ইয়র্ক, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের সঙ্গে গোপনে লেনদেন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্রকে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নিউ ইয়র্কের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফিনানশিয়াল সার্ভিসেসের (ডিএফএস) সঙ্গে এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ব্যাংক কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও সমঝোতার কারণে তা স্থগিত করা হয়েছে। নিউ ইয়র্কে ব্যবসার অনুমোদন কেন বাতিল করা হবে না- ডিএফএসের নোটিসের বিপরীতে যুক্তি তুলে ধরার কথা ছিল ওই শুনানিতে। ডিএফএসের প্রধান বেঞ্জামিন লাস্কির সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক এ ব্যাংকটির সমঝোতা হলেও ইরানের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি সংস্থার তদন্তের মুখে পড়তে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষ। ডিএফএস গত ৬ অগাস্ট জানায়, বিধি লঙ্ঘন করে ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের লেনদেন করে তার তথ্য গোপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। তখন ব্যাংকটিকে ‘শঠ প্রতিষ্ঠান’ আখ্যায়িত করে নিউ ইয়র্কে ব্যাংকটির কার্যক্রম নিষিদ্ধের হুমকি দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের আলোচনার পর মঙ্গলবার লাস্কি ৩৪ কোটি ডলার জরিমানায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে সমঝোতার ঘোষণা দেন। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, সমঝোতার অন্য শর্তগুলো শিগগিরই সম্পন্ন হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক মুখপাত্র বলেন, “ব্যাংকের শেয়ারমালিক ও গ্রাহকদের স্বার্থরক্ষায় এটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত।” নিউ ইয়র্কের ব্যাংক খাত নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, এই ব্রিটিশ ব্যাংকটি ইরান সরকারের সঙ্গে লেনদেন করেছে এবং গত ১০ বছরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রায় ৬০ হাজার লেনদেনের তথ্য গোপন করেছে, যা থেকে ব্যাংকটির আয় হয়েছে কয়েকশ’ কোটি ডলার। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ডের কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত সন্ত্রাসী, মাদক পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত দেশগুলোর কাছে উন্মুক্ত হয়ে গেছে বলেও অভিযোগ করেছে তারা। অভিযোগ স্বীকার করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, ইরানের সঙ্গে কিছু অবৈধ লেনদেন হয়েছে, তবে তা কোনোভাবেই এক কোটি ৪০ লাখ ডলারের বেশি নয়। এর আগে ঋণমান নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্রিটিশ ব্যাংক বার্কলেকে যুক্তরাষ্ট্রে ৪৫ কোটি ৩০ লাখ ডলার জরিমানা গুণতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৩২০ ঘ.