ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামে জাতিগত দাঙ্গায় হতাহতের প্রতিবাদে মুম্বাইয়ে ডাকা সমাবেশে সহিংসতায় দুই জন নিহত হয়েছে।
আসামে আদিবাসী বোড়ো স¤প্রদায় ও মুসলিম অভিবাসীদের জাতিগত দাঙ্গার প্রতিবাদ জানাতে শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে কয়েকশ’ মানুষ সমবেত হয়।
এক পর্যায়ে বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। সমাবেশ থেকে পুলিশের দিকেও পাথর ছুড়ে মারা হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।
এতে অন্তত ১৬ জন আহত হয় এবং তাদের মধ্যে দুই জন পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, “আজাদ ময়দানে সহিংসতায় গুরুতর আহত দুজন সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।”
মুম্বাইভিত্তিক সংগঠন রাজা অ্যাকাডেমির দক্ষিণ মুম্বাইয়ের আজাদ ময়দানে ওই সমাবেশের ডাক দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১১০ ঘ.
bdnews24