ওয়াশিংটন, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিনিরা সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে নিরাশ হলেও ভোটারদের সমর্থনের দিক দিয়ে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে ছাড়িয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রয়টার্স/ইপসোস পরিচালিত জরিপে দেখা গেছে, এ মাসে রমনির চেয়ে জনসমর্থনে কিছুটা এগিয়েছেন ওবামা। রমনিকে সমর্থন দিয়েছে ৪২ শতাংশ মানুষ। অন্যদিকে, ওবামাকে সমর্থন দিয়েছে ৪৯ শতাংশ মানুষ।
এতে করে আগের মাসের তুলনায় রমনির চেয়ে ৬ পয়েন্ট এগিয়েছেন ওবামা।
অথচ ৬ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এ আসন্ন মুহূর্তেও বেশিরভাগ মার্কিনির মধ্যেই নেতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে।
প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করে দেশ ভুল পথে চলছে। দেশ সঠিক পথে চলছে মনে করে মাত্র ৩১ শতাংশ মানুষ।
কিন্তু ২ থেকে ৬ অগাস্টের মধ্যে টেলিফোনে নিবন্ধিত ১,০১৪ ভোটারসহ প্রাপ্তবয়স্ক ১,১৬৮ জনের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ওবামাই সমর্থনের দিক থেকে রমনির চেয়ে এগিয়ে।
এ সময়টিতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বাড়লেও ৫ মাসে বহু মানুষ চাকরি পেয়েছে বলে জানায় শ্রমদপ্তর।
ফলে জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ ওবামাকে দেশের কর্মসংস্থান এবং অর্থনীতি সামলানোয় সক্ষম বলে মনে করেছে। আর রমনিকে এক্ষেত্রে যোগ্য মনে করেছে ৪৪ শতাংশ মানুষ।
অন্যদিকে, কর ইস্যুতে ৪৯ শংতাংশ মানুষ ওবামাকে সমর্থন দিয়েছে। আর রমনিকে সমর্থন দিয়েছে ৩৮ শতাংশ মানুষ।
এর আগে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়/সিবিএস নিউজ/নিউ নিউইয়র্ক টাইমস পরিচালিত এক জরিপেও দেখা গেছে, তিন রাজ্য ওহাইও, ফ্লোরিডা এবং পেনিসেলভানিয়ায় জনসমর্থনের দিক দিয়ে রমনিকে ছাড়িয়ে গেছেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২১৫৬ঘ.
bdnews24