ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের কেলেঙ্কারি জর্জরিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের বিচার বৃহস্পতিবার মাত্র ৭ ঘণ্টতেই শেষ হয়েছে। রায় পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত।
ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে খুনের অভিযোগে চীনের হেফেই শহরের আদালতে রুদ্ধদ্বার কক্ষে কাইলাইয়ের বিচার করা হয়।
চীনের চংকিং পার্টি প্রধানের পদ থেকে অপসারিত শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাই ও তার পরিবারের এক কর্মচারি ঝাং ঝিয়াওজুন এর বিরুদ্ধে হেউডকে খুনের অভিযোগ আনা হয় গত ২৬ জুলাই।
তারা দু’জন নেইল হেউডকে বিষ প্রয়োগে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে এ অভিযোগ অস্বীকার করেননি দু’জনের কেউই।
আদালতের কর্মকর্তা তাং ইগান বলেন, “অভিযুক্ত বোগু (গু) কাইলাই এবং ঝাং ঝিয়াওজুন তাদের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক হত্যাকাণ্ডের অভিযোগে কোনো আপত্তি জানাননি।”
বিচারের রায় পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। তবে কবে নাগাদ রায় ঘোষণা করা হবে সে ব্যাপারে কিছু বলেননি তাং। বিচারে দোষী সাব্যস্ত হলে কাইলাইয়ের মৃত্যুদণ্ড হতে পারে।
কাইলাই নিজে একজন আইনজীবী। মামলায় তার পক্ষে নিয়োগ করা হয়েছে এক সরকারি আইনজীবীকে। বিচারের দিন খুনের জন্য কাইলাই দায়ী বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে তিনি বলেন, খুনের ঘটনা তদন্তে কাইলাইয়ের সহযোগিতার বিষয়টি আদালতের বিবেচনায় আনা উচিত।
হত্যাকাণ্ড সম্পর্কে আদালতের কর্মকর্তা তাং জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে গত নভেম্বরে বিষ খাইয়ে হেউডকে হত্যা করেন কাইলাই ও ঝিয়াওজুন। বিরোধের কারণে কাইলাই তার ছেলের জন্য হেউডকে হুমকি মনে করেই তাকে খুন করেন।
মদ্যপ অবস্থায় হেউডের মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়। ২০১১ সালের ১৫ নভেম্বরে চংকিং এর হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় হেউডকে।
স্থানীয় কর্মকর্তারা প্রথমে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যুর কথা জানালেও এপ্রিলে সরকার এক ঘোষণায় জানায়, এ ঘটনায় বো জিলাইয়ের স্ত্রী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
চীনের শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইকে এ বছর মার্চে চংকিং এর কমিউনিস্ট পার্টি প্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং পরের মাসে সরিয়ে দেওয়া হয় চীনের পলিটব্যুরো থেকে।
এ বছরের শেষ দিকে চীনের শীর্ষ নেতৃত্বে পালাবদল হওয়ার কথা রয়েছে। এ পালাবদলে শীর্ষ পর্যায়ে পদোন্নতি পাওয়ার সম্ভাব্য প্রার্থী ছিলেন জিলাই।
জিলাইয়ের সাবেক পুলিশ প্রধান ও চংকিংয়ের ডেপুটি মেয়র ওয়াং লিজুন মার্কিন কনস্যুলেটে একদিন কাটিয়েছেন বলে গুঞ্জন উঠলে কেলেঙ্কারির মুখে পড়েন তিনি। ওয়াং সরকার পক্ষ ত্যাগ করতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে।
এ ব্যাপারে দীর্ঘদিন নীরব থাকার পর জিলাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৭৫৯ঘ.
bdnews24