২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা কমেছে’

আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা পাঁচ বছরের মধ্যে চলতি বছর কমেছে। জাতিসংঘের সা¤প্রতিক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা পাঁচ বছরের মধ্যে চলতি বছর কমেছে। জাতিসংঘের সা¤প্রতিক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গত বছরের সঙ্গে তুলনা করে দেখা গেছে ২০১২ সালের প্রথমার্ধে দেশটিতে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ১৫ শতাংশ কমেছে। বিবিসির এ খবরে এ তথ্য জানানো হয়। বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি জঙ্গি বিদ্রোহী গোষ্ঠী ও বিদেশি বাহিনী উভয়পক্ষের জন্যই স্পর্শকাতর হওয়ায় তারা হামলা চালানো বা অভিযান পরিচালনার সময় আরো সতর্কতা অবলম্বন করছে। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের অ্যাসিসটেন্স মিশন (ইউএনএএমএ) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশটিতে বিভিন্ন সহিংসতায় ৩ হাজার ৯৯ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ১শ’ ৪৫ জন নিহত এবং ১ হাজার ৯শ’ ৫৪ জন আহত হয়েছেন। ২০১১ সালে একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৫ শতাংশ কম।” ন্যাটো ও জাতিসংঘ একমত হয়েছে যে, দেশটিতে বিভিন্ন হামলায় নারী ও শিশু নিহত হওয়ার প্রধান কারণ হাতে বানানো বোমা। পাশাপাশি জাতিসংঘ দাবি করেছে, দেশটির সরকারপন্থী বাহিনীর কারণে মাত্র ১০ ভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে, জাতিসংঘের এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালেবান। বর্তমানে আফগানিস্তানে ১ লাখ ৩০ হাজার ন্যাটো সেনা রয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে দেশটি থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। অন্যদিকে, ন্যাটো জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশে স¤প্রতি জঙ্গি হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী আসাদাবাদের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের গভর্নর কার্যালয়ের কাছাকাছি মার্কিন সেনাদের লক্ষ করে দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এতে তিন সেনা নিহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তবে নিহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত করেনি ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৯ ঘ.