২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে গরিবদের মোবাইল ফোন দেবে সরকার

ভারতে দারিদ্রসীমার নিচে থাকা প্রতিটি পরিবারকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে দারিদ্রসীমার নিচে থাকা প্রতিটি পরিবারকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন দেবে সরকার। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সাত হাজার কোটি রুপি ব্যয়ে‘প্রতি হাতে একটি ফোন’ শিরোনামে এ প্রকল্প বাস্তবায়ন করবে ভারত সরকার। আগামী ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাষণে এ ঘোষণা দেওয়া হবে বলে এনডিটিভি জানায়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকা জানিয়েছে, এ প্রকল্পের আওতায় ভারতের ৬০ লাখ পরিবার একটি করে মোবাইল ফোন পাবে এবং প্রতিটি মোবাইল ফোনে বিনামূল্যে দুইশ’ মিনিট কথা বলার সুযোগ থাকবে। সরকারের এ উদ্যোগের সমালোচনা করে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, ২০১৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ২০০৯ সালের পার্লামেন্ট নির্বাচনের আগেবিজেপি বলেছিলো, সরকারে যেতে পারলে তারা দারিদ্র্যসীমার নিচে থাকা প্রতিটি পরিবারকে বিনামূল্যে একটি করে স্মার্ট ফোন দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮১৭ ঘ.