২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে দেশটির জরুরি ত্রাণকর্মীরা সাড়ে ৮ লাখ বন্যাদুর্গতের মাঝে খাদ্য, পানি ও কাপড় বিতরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ম্যানিলা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে দেশটির জরুরি ত্রাণকর্মীরা সাড়ে ৮ লাখ বন্যাদুর্গতের মাঝে খাদ্য, পানি ও কাপড় বিতরণ করেছে। ফিলিপাইনের মধ্যাঞ্চল ও এর আশপাশের প্রদেশে প্রবল বৃষ্টির কারণে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ম্যানিলার জনজীবন। জানা গেছে, ইতোমধ্যে বন্যার কারণে বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, কার্যালয় ও শেয়ার বাজারও বন্ধ রয়েছে। শহরের কোন কোন স্থানে গলা পর্যন্ত পানি উঠেছে। দেশটির সেনা সদস্যরা রাবারের নৌকায় করে পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কেউ কেউ লুটপাটের আশঙ্কায় বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। জানা গেছে, দেশটির রাজধানী ম্যানিলার ৬০ ভাগ পানিতে তলিয়ে গেছে। বন্যায় মঙ্গলবার ১১ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের শেষ দিকে লুজন উপদ্বীপে ঘূর্ণিঝড় সাওলা আঘাত হানার সময় থেকে এ পর্যন্ত দেশটিতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাইওয়ানের ৩শ’ কিলোমিটার উত্তরপূর্বে সৃষ্ট ঝড় হাইকুই এর প্রভাবে ম্যানিলায় আরো বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ২০০৯ সালে টাইফুন কেটসানার পর ম্যানিলায় এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩০ ঘ.