২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে ইরানের সমর্থন

সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিদ্রোহীদের কোণঠাসা করার চেষ্টার মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন জানিয়েছে আঞ্চলিক মিত্র দেশ ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

আলেপ্পো, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিদ্রোহীদের কোণঠাসা করার চেষ্টার মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন জানিয়েছে আঞ্চলিক মিত্র দেশ ইরান। আসাদের সঙ্গে বৈঠকে ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাঈদ জলিলি বলেছেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলোর জোটে আছে সিরিয়া। তেহরান এ দেশকে ভেঙে পড়তে দেবে না। আঞ্চলিক দেশগুলোর এ জোটকে ‘প্রতিরোধের অক্ষচক্র’ আখ্যা দিয়ে জলিলি দামেস্কে বলেন, “সিরিয়া এ অক্ষচক্রের অবিচ্ছেদ্য অংশ। ইরান এ চক্র ভেঙে পড়তে দেবে না।” সংবাদদাতারা বলছেন, প্রতিরোধের অক্ষচক্রে রয়েছে ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার ফিলিস্তিনি গেরিলা দল হামাস। সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবের পক্ষত্যাগের পরদিন আসাদকে এ সমর্থন জানালেন জলিলি । মঙ্গলবার সিরিয়ার টেলিভিশনে জলিলির সঙ্গে বৈঠক করতে দেখা গেছে আসাদকে। গত ২২ জুলাইয়ের পর এদিনই আসাদকে টিভিতে দেখা যায়। সিরিয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার একটি জরুরি আন্তর্জাতিক বৈঠক ডাকার পরিকল্পনা করছে ইরান। ওদিকে. হিজাবের পক্ষত্যাগে রাজনৈতিক সঙ্কটে পড়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলেপ্পোয় বিদ্রোহী দমনাভিযান আরো জোরদার করেছেন। মঙ্গলবার আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথে সরকারি বাহিনী বিদ্রোহী ঘাঁটি ঘিরে ফেলার খবর পাওয়া গেছে। অবরুদ্ধ অবস্থায় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পোর তুমুল লড়াইবিক্ষুব্ধ দক্ষিণপূর্বাঞ্চলের কথা উল্লেখ করে বিদ্রোহী কমান্ডার শেখ তৌফিক বলেন, “সিরিয়ার সেনারা সালাহেদিন এলাকার দুই দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে।” মঙ্গলবার সকাল থেকে সালাহেদিন এলাকাজুড়ে মর্টার ও ট্যাংকের গোলার মুখে বিদ্রোহী যোদ্ধারা ধসে পড়া বিভিন্ন ভবনসহ শহরের আনাচে-কানাচে গা ঢাকা দিতে বাধ্য হয়েছে। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সকালের দিকে জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করে সেনারা। চলে গোলা হামলাও। বিদ্রোহীদের একটি ঘাঁটির কাছাকাছি আবাসিক ভবনে গোলার আঘাতে দুই পরিবারের প্রায় ১৪ জন মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সরকারবিরোধী এক আন্দোলনকর্মী। সালাহেদিনের কয়েকটি জায়গায় ট্যাংক ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। প্রচণ্ড বোমা হামলার পাশাপাশি বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর গুপ্তঘাতকরা। এতে করে বিদ্রোহীদের চলাফেরা আরো কঠিন হয়ে পড়েছে। ফলে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রসদ আনা যাচ্ছে না বলে জানিয়েছেন আরেক বিদ্রোহী কমান্ডার আবু আলি। তিনি বলেন, সোমবারের লড়াইয়ে ৫ বিদ্রোহী যোদ্ধা মারা গেছে এবং ২০ জন আহত হয়েছে। তবে সালাহেদিন এলাকার মূল সড়ক এখনো দখলে আছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৫ঘ.