ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘টিম আন্না’ বিলুপ্ত ঘোষণা করেছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। রাজনৈতিক দল গঠনের পথ সুগম করারই ইঙ্গিত এ পদক্ষেপ।
সোমবার গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, টিম বিলুপ্ত করা হয়েছে। সরকারের সঙ্গে লোকপাল আইন নিয়েও আর আলোচনা করা হবে না।
নয়াদিল্লির জন্তর মন্তর চত্বরে আন্না হাজারের ১০ দিনের অনশন ভাঙার তিনদিনের মাথায় আন্না টিম বিলুপ্ত হল।
অনশন ভাঙার সময় আন্না বলেছিলেন, “ অনশনের সময় শেষ। এখন জনগণকে একটি রাজনৈতিক বিকল্প দেওয়ার সময়”।
এনডিটিভি জানায়, এর অল্পদিনের মধ্যেই নিজ ব্লগে টিম আন্না বিলুপ্তির ঘোষণা দিলেন আন্না। তবে শিগগিরি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তিনি কিছু জানাননি।
সহযোগীদের গড়া রাজনৈতিক দলে আন্না সীমিত ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে।
৩ আগস্টে অনশন ভাঙার দিন ‘বিকল্প রাজনৈতিক মঞ্চ’ গঠনের জন্য প্রস্তুত হওয়ার কথা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জনমত জানতে চেয়েছিলেন আন্না।
২০১৪ সালে ভারতে সাধারণ নির্বাচন। তার আগে দেশ ঘুরে জনমত গঠনের জন্য সময় প্রয়োজন। আর তাই অনশন করে আর সময় নষ্ট না করে রাজনৈতিক বিকল্প গড়ার পরিকল্পনা করে আন্না শিবির। দল বিলুপ্তির ঘোষণা দেওয়া হল সে পরিকল্পনার আওতায়ই।
দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল পাশ করানোর দাবিতে দিলি¬র জন্তর মন্তর চত্বরে অনশনে বসেছিল আন্না শিবির।
অনশন ভাঙার আগেই তারা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়। যদিও আন্না প্রকাশ্যে বলে আসছিলেন, তিনি কোনো রাজনৈতিক দল তৈরি করতে চান না। দেশের মানুষ চাইলেই তিনি তা করবেন।
কিন্তু আন্না শিবির রাজনৈতিক দল গঠনের রূপরেখা দিয়ে জানায়, আন্দোলনকে মাঠ পর্যায়ে নিয়ে যেতেই তাদের এ প্রয়াস।
ওদিকে, লোকপাল বিল সম্পর্কে আন্নার ভাষ্য, “সরকার লোকপাল বিল পাস করতে প্রস্তুত না। দুর্নীতিও সহসাই দূর হবে না। আমরা আর কতদিন, কতবার অনশনে যাব?”
“জনগণ এখনআমাদেরকে অনশন ছেড়ে বিকল্প পথ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছে। আর তাই এখন আমরা টিম আন্নার কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। সরকারের সঙ্গে আর কোনো
আলোচনায় যাব না আমরা। টিম আন্না কিংবা টিম আন্না কোর কমিটি বলেও আর কিছু থাকবে না,” বলেন তিনি।
উল্লে¬খ্য, লোকপাল বিল সংসদের নিুকক্ষে পাশ হলেও উচ্চকক্ষে আটকে রয়েছে সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায়। আন্নার শিবির মনে করে, লোকপাল বিলে সরকার যে সমস্ত বিধান রেখেছে তাতে দুর্নীতি দূর হবে না।
কিন্তু লোকপাল বিল নিয়ে আন্নার দীর্ঘদিনের নাগরিক আন্দোলনকে এখন বিকল্প রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টার কারণে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএম/এলকিউ/২১২৪ঘ.
bdnews24