জেনেভা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বন্দরনগরী মিসরাতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির আবাসিক ভবনে গ্রেনেড ও রকেট হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা।
এতে করে মিসরাতা এবং পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে বন্ধ হয়ে গেছে রেডক্রসের কার্যক্রম।
রোববার রকেট এবং গ্রেনেডের আঘাতে রেডক্রস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণকর্মীরা কেউ আহত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
তিন মাসের মধ্যে লিবিয়ার রেডক্রস ভবনে এ নিয়ে ৫ম বার হামলা হল।
এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন জানিয়ে লিবিয়ায় রেডক্রসের প্রতিনিধিদলের প্রধান ইসফাক মুহাম্মদ খান বলেন, আমাদের কর্মীরা হামলার লক্ষ্য হওয়ায় আমরা আতঙ্কিত। লিবিয়ায় যুদ্ধের আগে পরে দুই সময়ই আমাদের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮২৯ঘ.
bdnews24