ইয়াঙ্গুন, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যকার জাতিগত ও সা¤প্রদায়িক দাঙ্গায় দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষপাতমূলক ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শীর্ষ দূত টমাস ওজিয়া কুয়িনতান।
দাঙ্গার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ রাষ্ট্রিয় তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
ছয়দিনের মিয়ানমার সফরের শেষ দিন শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি।
গত জুনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত রাখাইনদের সঙ্গে জাতিগত রোহিঙ্গাদের ব্যাপক দাঙ্গা হয়। দাঙ্গায় অন্তত ৭৭ জন নিহত ও হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়। দাঙ্গার সময় মিয়ানমার পুলিশ ও সেনারা বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।
বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করে সহিংসতার পেছনের সত্য উদ্বঘাটনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়িনতান।
তিনি বলেন, “আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার অজুহাতে রাষ্ট্রিয় নিরাপত্তা বাহিনী যে সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমি জেনেছি তা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘণ, বিষয়গুলো নিয়ে আমি উদ্বিগ্ন।”
“এই মূহুর্তে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো এসব অভিযোগ খতিয়ে দেখার মতো কোনো অবস্থানে আমি নেই। কিন্তু রাখাইন প্রদেশে কি হয়েছিল তা পরিষ্কারভাবে উদ্বঘাটন করে জবাদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরী,” বলেন তিনি।
চলতি সপ্তাহে ৫৭ জন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি ও সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানায়, “দাঙ্গার সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় পক্ষপাতমূলক নির্যাতনের ঘটনা ঘটেছে।”
ওই প্রতিবেদনে আরো বলা হয়, দাঙ্গার সময় নিরাপত্তা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিনাবিচারে আটক, নির্যাতন ইত্যাদি ঘটনার জন্য দায়ী। তারা রাখাইন দাঙ্গাবাজদের হাতে নিরপরাধ ১০ রোহিঙ্গা হত্যার সময় হতভাগ্যদের রক্ষা করার কোনো পদেক্ষেপ নেয়নি।
১০ রোহিঙ্গা নিহত হওয়ার পর দুপক্ষের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ ধরে ভয়াবহ সহিংসতা চলে। অগ্নিসংযোগ ও ছুরিকাঘাতে ৭৭ জনকে হত্যা করা হয়। হাজার হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।
মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে দাঙ্গার সময় নিরাপত্তা বাহিনী “চরম ধৈর্য্যরে” পরিচয় দিয়েছে।
দাঙ্গার ঘটনায় দায়ী ৮৫৮ ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন মিয়ানমারের এক মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৪০ ঘ.
bdnews24