ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের দমনে শিগগিরই সেনাবাহিনী পুর্ণাঙ্গ অভিযানে নামবে বলে ধারণা করা হচ্ছে।
এক বিদ্রোহী কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন তার দলের যোদ্ধারা একটি “ব্যাপক হামলা” মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে।
দামেস্ক থেকে সেনাবাহিনীর সূত্রগুলো জানিয়েছে, আলেপ্পোর শেষ শক্তিকেন্দ্র থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে তারা। আর বিদ্রোহীরা জানিয়েছে তারা কৌশলগত পশ্চাদপদসারণ করেছে।
আলেপ্পোয় তীব্র লড়াই চলাকালে শনিবার রাজধানী দামেস্কের একটি শিয়া তীর্থকেন্দ্রের প্রাঙ্গণে একটি বাস থেকে প্রায় ৪৮ জন ইরানি তীর্থযাত্রীকে অপহরণ করা হয়েছে।
অপহরণের জন্য “সশস্ত্র গোষ্ঠি” কে দায়ী করেছে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন ও ইরানি কূটনীতিকরা।
আলেপ্পোয় বিদ্রোহীদের অবস্থানগুলো লক্ষ্য করে সেনাবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। শহরটির কয়েকটি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে কামান, ট্যাংক থেকে গোলাবর্ষণ করছে। বিদ্রোহীরদের দমনে বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
২০ জুলাই থেকে আলেপ্পোয় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। লড়াইটিকে সিরিয়ার গৃহযুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে।
বিদ্রোহীদের ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডার আব্দেল জব্বার জানিয়েছেন, শহরের বিদ্রোহী অধুষ্যিত সালাহ আল দিন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে সেনাবাহিনী।
সিরীয় সরকারের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “আলেপ্পোর লড়াই এখনও শুরুই হয়নি। যা চলছে তা কেবল লড়াইয়ের মহড়া। আসল লড়াই শিগগির শুরু হবে।”
সিরিয়ার উত্তরের কৌশলগত এই শহরের দখল নিয়ে লড়াই গত কয়েকদিনে আরো তীব্র হয়ে উঠেছে। রাষ্ট্রিয় টেলিভিশনে সালাহ আল দিন এলাকা ও আশপাশের এলাকায় “সন্ত্রাসী স্বেচ্ছাসেবকরা” ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবী করা হয়েছে।
আলেপ্পোর সালাহ আল দিন ও পুরানা লোহার গেট এলাকায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সম্মুখ লড়াই চলছে বলে জানিয়েছে বিবিসি।
সরকার বিরোধী আন্দোলনকারীরা দাবী করেছে, আসাদ সরকার বিরোধী ১৭ মাসের আন্দোলন-বিদ্রোহে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২১৬ ঘ.
bdnews24