২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী বোমায় নিহত ৪৫

দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের একটি গ্রামে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশকিছু মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 03:53 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

এডেন, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের একটি গ্রামে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বেশকিছু মানুষ। শনিবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে রোববার জানিয়েছেন স্থানীয় সরকারী কর্মকর্তারা। হাসপাতাল সূত্রে হতাহতের সংখ্যা জানা গেছে। সামরিক বাহিনীর পক্ষের আদিবাসী যোদ্ধাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। আবিয়ানে আল কয়েদার সঙ্গে সম্পর্কিত ইয়েমেনি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি আদিবাসী যোদ্ধারাও লড়ছে। সম্মিলিত বাহিনী জুনে জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের সফলতা পেয়েছিল। এর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। আবিয়ানের আল রাজি হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার মতো সামর্থ্য তাদের হাসপাতালের নেই। শনিবার আবিয়ানের পুবে হাদরামাউত প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের বহনকারী একটি যানে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়। হামলায় যানটির তিন আরোহী নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা। নিহতরা আল কায়েদার ইয়েমেনি শাখা আনসার আল শরিয়ার সদস্য বলে জানিয়েছেন তিনি। গত বছর আনসার আল শরিয়া আবিয়ান প্রদেশের কয়েকটি শহর দখল করে নেয়। জুনে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সম্মিলিত বাহিনী শরিয়া সদস্যদের ওই সব শহর থেকে তাড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপযুক্ত সময় ও সুযোগের জন্য অপেক্ষা করছিল জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৯৩১ ঘ.