দুবাই, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বলিত একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ভবিষ্যতে তৈরি করা সব ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।
শনিবার ইরানি প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।
“চতুর্থ প্রজন্মের ফাতেহ ১১০ ক্ষেপণাস্ত্রের সাহায্যে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের সদরদপ্তর, ক্ষেপণাস্ত্র স্থাপনা, গোলাবরুদের গুদাম, রাডার ও অন্যান্য স্থাপনাসহ স্থল ও জলপথের যে কোনো লক্ষ্য ধ্বংস করতে পারবে,” বলেন ভাহিদি।
ফাতেহ ১১০ নামের নতুন এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩’শ কিলোমিটার (১৮০ মাইল)। ইরানের প্রতিবেশী সব রাষ্ট্র এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে।
“লক্ষ্য স্থির করে ছোঁড়ার নতুন ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিতে সংযোজন করা হয়েছে। পরীক্ষার সময় কোনো ত্রুটি ছাড়াই লক্ষ্যস্থলে এর আঘাত করার সামর্থ্য প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা সব ক্ষেপণাস্ত্রে এই ব্যবস্থা সংযোজন করা হবে ” বলেন ভাহিদি।
ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরক্ষামূলক উল্লেখ করে ভাহিদি বলেন, “এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি প্রতিরক্ষামূলক। শুধুমাত্র ইরানের স্বার্থ ও ভৌগলিক অখ-তা ক্ষুণœকারীদের দ্বারা আক্রান্ত হলেই কেবল তাদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করা হবে।”
পরামাণু প্রকল্প নিয়ে বিরাজমান তীব্র উত্তেজনার মধ্যেই এই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো ইরান। ইরানের দাবী, বিদ্যুৎ উৎপাদনের মতো সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তাদের পরমাণু প্রকল্প চালু করা হয়েছে। কিন্তু কয়েকটি প্রতিবেশি রাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর সন্দেহ গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৯০৯ ঘ.
bdnews24