পিয়ংইয়ং, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ায় গত কয়েক সপ্তাহের বন্যায় ১৬৯ জনের প্রাণহানি এবং ৪০০ জন নিঁখোজ হয়েছেন।
জুনের শেষ দিকে ও জুলাইয়ে হওয়া বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’।
এর আগে তারা ১১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। এছাড়া দেশটির ১ লাখ ৬০ হাজার একর খাদ্যশস্যের জমি বন্যার কবলে পড়েছে।
এ পরিস্থিতিতে উত্তর কোরিয়া সাহায্যের আহ্বান জানানোর পর জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ জানিয়েছে, তারা দেশটিতে জরুরী খাদ্য সহায়তা পাঠাচ্ছে।
দেশটিতে বন্যায় ৮ হাজার ৬শ’র বেশি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৪শ’টি স্কুল, কল-কারখানা ও স্বাস্থ্য কেন্দ্র বন্যার পানিতে ডুবে আছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯০৫ঘ.
bdnews24