মেক্সিকো সিটি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় কোয়াহুইলা রাজ্যে এক কয়লা খনি দুর্ঘটনায় ৬ জন খনি শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে মেক্সিকোর জরুরি উদ্ধারকারী দলের সূত্রে জানা গেছে।
খনির ভেতরে বিপুল পরিমাণ মিথেন গ্যাস জমে যাওয়ার ফলে তার বিস্ফোরণ থেকে খনির অভ্যন্তরে ১শ’ টনের মতো কয়লা ধসে পড়ে। এক বিবৃতিতে খনিটির মালিক প্রতিষ্ঠান অলতোস হর্নস দে মেক্সিকো এসব তথ্য জানায়।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রায় ৩শ’ খনি শ্রমিককে কোনো দুর্ঘটনা ছাড়াই ওই খনি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি ছোট খনিতে দুর্ঘটনার ১০দিন পর এই খনি দুর্ঘটনা ঘটলো। ২৫ জুলাই ওই দুর্ঘটনায় ৭ খনি শ্রমিক নিহত হয়। ছোট খনিগুলোতে প্রায়শই যথাযথ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৮ ঘ.
bdnews24